ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

মমতার মামলা: নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ আদালতের

মমতার মামলা: নির্বাচনের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ আদালতের
×

শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায়

শুভজিৎ পুততুন্ড, কলকাতা

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৪:৪০ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৪:৫৭

ভারতের পশ্চিমবঙ্গের ভবানীপুর বিধানসভা কেন্দ্রের সমাপ্ত নির্বাচনে ব্যবহৃত ইভিএম, ভিভিপ্যাট মেশিন ও ভোট গণনাকেন্দ্রের সিসিটিভি ফুটেজ সম্পূর্ণ সংরক্ষণের নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। ভবানীপুর আসনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত হওয়ার পর ফলাফলকে চ্যালেঞ্জ করে মামলা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলার প্রেক্ষিতেই মঙ্গলবার কলকাতা হাইকোর্ট এই অন্তর্বর্তীকালীন নির্দেশ দেয়। 

এদিকে মমতার ‘কালীঘাট তৃণমূল’ বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূল’-এর দলীয় প্রতীক ও তহবিল দখলের লড়াই এবার ভারতের নির্বাচন কমিশন পর্যন্ত পৌঁছেছে। 

ভবানীপুরের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি আদালতের দ্বারস্থ হন মমতা। গত ১৬ জুন হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করেন তিনি। সেই মামলাতেই কলকাতা হাইকোর্টের নির্দেশ, ‘সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে ভোট গণনা প্রক্রিয়া চলেছিল, সেই স্কুলের ভেতরের এবং বাইরের সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাতে সম্পূর্ণ সুরক্ষিত রাখা হয়। একই সঙ্গে সুরক্ষিত রাখতে হবে ভোটে ব্যবহৃত ইভিএম ও ভিভিপ্যাট।’ 

শুধু তাই নয়, এই হাইপ্রোফাইল মামলায় সমস্ত পক্ষকে অন্তর্ভুক্ত করারও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। অর্থাৎ ভবানীপুরের গণনা মামলায় বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সুব্রত গুপ্ত এবং সুনীল আগরওয়ালকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, ভোটে হেরে যাওয়ার পর গণনায় ব্যাপক কারচুপি হওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হওয়ার ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রথম নয়। এর আগে, ২০২১ সালে নন্দীগ্রামে শুভেন্দুর কাছে পরাজয়ের পরও আদালতের দ্বারস্থ হন মমতা। সেই মামলার নিষ্পত্তি আজও হয়নি।

কালীঘাট তৃণমূল বনাম আসল তৃণমূল লড়াই এখন নির্বাচন কমিশনে 

অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কালীঘাট তৃণমূল’ বনাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল তৃণমূল’-এর লড়াই এবার পৌঁছে গেল ভারতীয় নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত। তৃণমূল কংগ্রেস দলের প্রতীক ও দলের তহবিল হাতছাড়া হওয়া আটকাতে সর্বশেষ চেষ্টা হিসেবে মমতা নিজের অবশিষ্ট দল নিয়ে তৈরি সংশোধিত জাতীয় কর্মসমিতি ও দলের অন্যান্য সাংগঠনিক স্তরের যাবতীয় তথ্য পাঠিয়েছেন জাতীয় নির্বাচন কমিশনে। তাতে চেয়ারপার্সন হিসেবে মমতা নিজের নামকেই সামনে রেখেছেন এবং আগের মতোই সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। এ ছাড়া রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, যুগ্ম সম্পাদক পদে ডেরেক ও'ব্রায়েন ও দোলা সেন এবং কোষাধ্যক্ষ হিসেবে শুভাশিস চক্রবর্তীর নাম রয়েছে।

সবশেষ খবর অনুযায়ী, মঙ্গলবারই বিদ্রোহী ‘আসল তৃণমূল’-এর পক্ষে ঋতব্রত গোষ্ঠী তাদের গঠিত ভারতীয় কমিটি ও অন্যান্য কমিটির তালিকা নির্বাচন কমিশনে পৌঁছে দেবে। একই সঙ্গে সংখ্যাগরিষ্ঠ সাংসদ ও বিধায়কদের সমর্থন থাকায় তৃণমূল কংগ্রেসের নাম, দলীয় প্রতীক ও তহবিলেরও দাবি জানাবে তারা।

আরও পড়ুন

×