ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

পাকিস্তানে সামরিক অভিযানে ৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে সামরিক অভিযানে ৮ সন্ত্রাসী নিহত
×

ছবি: রয়টার্স

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৮:২২

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খারান এবং মাস্তুং জেলায় দুটি সামরিক অভিযানে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে। শনিবার দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, ‘ফিতনা আল হিন্দুস্তান’কে নির্মূল করার লক্ষ্যে সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ২৫ ও ২৬ জুন এই “গোয়েন্দা-ভিত্তিক” অভিযানগুলো পরিচালিত হয়েছিল।

পাকিস্তানজুড়ে সন্ত্রাসবাদ এবং অস্থিতিশীলতার পেছনে ভারতের কথিত ভূমিকা তুলে ধরতে রাষ্ট্র বেলুচিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে ‘ফিতনা আল হিন্দুস্তান’ হিসেবে আখ্যায়িত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত ২৫ জুন খারান জেলায় নিরাপত্তা বাহিনীর সুকৌশলী অভিযানে তিন সন্ত্রাসী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। পরদিন ২৬ জুন মাস্তুং জেলায় আত্মঘাতী হামলাকারীর উপস্থিতির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তীব্র গোলাগুলির পর এক আত্মঘাতী বোমারুসহ আরও পাঁচ সন্ত্রাসী নিহত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, নিহতদের আস্তানা থেকে অস্ত্র, গোলাবারুদ, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং মোটরবাইক উদ্ধার করা হয়েছে। এলাকায় ভারতীয় মদদপুষ্ট অন্য কোনো সন্ত্রাসী লুকিয়ে আছে কিনা, তা নিশ্চিতে নিরাপত্তা বাহিনীর ‘স্যানিটাইজেশন অপারেশন’ বা পরিচ্ছন্নতা অভিযান চলমান রয়েছে।

অভিযানের জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, এটি তাদের পেশাদারিত্ব ও দৃঢ়তার প্রমাণ।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, দেশ থেকে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকতে হবে।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) থেকে জারি করা এক বিবৃতিতে তিনি বলেন, পাকিস্তান থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পাকিস্তানের শান্তির শত্রুদের প্রতিটি ফ্রন্টে চরম পরাজয় উপহার দেওয়া হবে।

রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিটিভির খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি সফল এই অভিযানে নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন এবং তাদের পেশাদার দক্ষতার সাধুবাদ জানিয়েছেন।

এর আগে গত ৯ জুন বাসিমায় এক অভিযানে ১৪ জন সন্ত্রাসী নিহত এবং এক সেনাসদস্য শহীদ হন। এ ছাড়া গত ২ জুন কোয়েটায় ট্রেনের ওপর আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ১৭ জন সন্ত্রাসীকে হত্যা করেছিল নিরাপত্তা বাহিনী।

সূত্র: দ্য ডন

আরও পড়ুন

×