ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারত

আফগানিস্তানে ভূমিকম্পের আঘাত, কাঁপল ভারত
×

ফাইল ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৬ | ০৩:০৩ | আপডেট: ২৮ জুন ২০২৬ | ০৩:০৪

আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২। এই ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লিসহ উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকা। 

শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

ভারতের ভূমিকম্প কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) বলেছে, ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ৪ মিনিটে ওই ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ২১৫ কিলোমিটার গভীরে।

সন্ধ্যায় হঠাৎ করে এই ভূকম্পন অনুভূত হওয়ার পরপরই ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী অঞ্চলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন। ঘটনার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ভূমিকম্পের অভিজ্ঞতার বিবরণে সয়লাব হয়ে যায়। 

এর আগে, গত শুক্রবার থেকে আজ পর্যন্ত পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে অন্তত পাঁচটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এসব কম্পনের মাত্রা ছিল ৪.৩ থেকে ৫.৩। এসব ভূমিকম্পে বারখান, মুসাখেল, কোহলু, কিংরি এবং রাখনিসহ প্রত্যন্ত অঞ্চলের কিছু মাটির ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত পাঁচজন আহত হয়েছেন।

আরও পড়ুন

×