ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ইউক্রেনের সুরক্ষা আমাদের পরিকল্পনার অংশ নয়: পুতিন

ইউক্রেনের সুরক্ষা আমাদের পরিকল্পনার অংশ নয়: পুতিন
×

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ১১:২৫ | আপডেট: ৩০ জুন ২০২৬ | ১১:২৬

যুদ্ধের চার বছর পার হলেও ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। উল্টো দেশটিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন, ইউক্রেনীয় বাহিনী চাপে পড়েই প্রস্তাব দিয়েছে। তারা মনে করছে, এই প্রস্তাব তাদের বাঁচাবে। কিয়েভের সুরক্ষা আমাদের পরিকল্পনার অংশ নয়।

এরই মধ্যে রাশিয়ার জ্বালানি খাত লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তাদের দূরপাল্লার ড্রোন রাশিয়ার দুটি তেল শোধনাগারে আঘাত হেনেছে।

ক্রাসনোদার অঞ্চলে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অন্যদিকে কিছু এলাকায় শতাধিক ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের দিনিপ্রো ও জাপোরিঝিয়ায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

স্থবির শান্তি আলোচনা
রয়টার্সের বিশ্লেষণ বলছে, সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার জ্বালানি খাতের ক্ষতি হলেও পুতিন যুদ্ধক্ষেত্রে এর প্রভাবকে পাত্তা দিচ্ছেন না। বিশেষজ্ঞদের মতে, দূরপাল্লার হামলায় রাশিয়ার ক্ষমতা ইউক্রেনের চেয়ে বেশি। পুতিন এই সুবিধা হাতছাড়া করতে চান না। এর মধ্যে সম্প্রতি জেলেনস্কি আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধের প্রস্তাব দিয়ে চিঠি পাঠালেও পুতিন তা নাকচ করে দেন।

পুতিনের দাবি, দোনবাস অঞ্চলের ওপর রাশিয়ার নিয়ন্ত্রণ মেনেই আলোচনা হতে পারে। অন্যদিকে ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি নয়। 
 

আরও পড়ুন

×