রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কিয়েভে নিহত ৯
হামলায় অন্তত ১৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। ছবি: রয়টার্স
রয়টার্স
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১২:২৫ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১২:৩৮
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৬ জন। হামলায় একাধিক বহুতল আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার ভোরে এ হামলার পর কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে কাজ করছে।
শহরের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বলেন, নিহতের সংখ্যা বেড়ে নয়জনে দাঁড়িয়েছে। তবে উদ্ধার অভিযান চলমান থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
জরুরি সেবা সংস্থার তথ্য অনুযায়ী, হামলায় অন্তত ১৫টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে ঐতিহাসিক পোদিলস্কি জেলায় একটি নয়তলা ভবনের পঞ্চম তলা থেকে ওপরের অংশ ব্যাপকভাবে ধসে পড়ে। সেখানে আটকে পড়াদের উদ্ধারে মইযুক্ত অগ্নিনির্বাপক যান ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া একই জেলার একটি ২১ তলা ভবনেও বাসিন্দাদের উদ্ধারে তল্লাশি চলছে। তকাচেঙ্কো জানান, শুধু পোদিলস্কি জেলাতেই চারটি আবাসিক ভবনে হামলা হয়েছে।
অন্যদিকে, কিয়েভের দারনিতস্কি জেলায় একটি ২৫ তলা আবাসিক ভবনে হামলার ধ্বংসাবশেষ পড়ে দুজন নিহত হয়েছেন। সেখানে একটি ৩০ তলা ভবনে আগুন লাগার পর বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে।
এদিকে কিয়েভের আশপাশের অঞ্চলেও হামলায় আরও একজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আঞ্চলিক গভর্নর মাইকোলা কালাশনিক।উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে কিয়েভে রাশিয়ার আরেকটি বড় হামলায় ৩১ জন নিহত হন। চলতি বছরে ইউক্রেনের রাজধানীতে সেটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।
- বিষয় :
- ইউক্রেন
- রাশিয়া
- ড্রোন হামলা
