বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ফিফাকে ধুয়ে দিলেন নরওয়ে কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৩:১৬
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে নরওয়ে। ঐতিহাসিক এই জয়ের পর স্বভাবতই বেশ উচ্ছ্বসিত ছিলেন দলটির কোচ স্তাল সোলবাকেন। সংবাদ সম্মেলনে ব্রাজিলকে হারানোর কৌশল নিয়ে নানা প্রশ্নের উত্তরও দেন হাসিমুখে। তবে শেষদিকে আলোচনায় উঠে আসে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের লাল কার্ড প্রত্যাহারের প্রসঙ্গ। আর এতেই ক্ষোভ প্রকাশ করেন নরওয়ের এই কোচ। ফিফার সিদ্ধান্তকে তিনি ফুটবলের জন্য ‘খুবই খারাপ দৃষ্টান্ত’ বলে মন্তব্য করেন।
বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে লাল কার্ড দেখায় নিয়ম অনুযায়ী শেষ ষোলোর ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের। তবে পরবর্তীতে ফিফা তার লাল কার্ড এবং এক ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। ফলে বেলজিয়ামের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেন তিনি। ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই ফুটবল অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে নিজের অসন্তোষ লুকাননি সোলবাকেন। তিনি বলেন, ‘এটা ফিফার খুব বড় একটি ভুল। আমার মতে, এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। ওটা পরিষ্কার লাল কার্ড ছিল এবং নিয়ম অনুযায়ী এক ম্যাচের নিষেধাজ্ঞা থাকাই স্বাভাবিক। এই সিদ্ধান্ত ভবিষ্যতের জন্য ভালো কোনো দৃষ্টান্ত তৈরি করল না। এরপর যদি অন্য কোনো খেলোয়াড় একই ধরনের ঘটনায় লাল কার্ড দেখে, তখন কী হবে?’
এ সময় নিজের বক্তব্য জোরালো করতে একাধিকবার ফিফার সিদ্ধান্তকে ‘খুবই বাজে’বলে উল্লেখ করেন নরওয়ের কোচ। সোলবাকেন বলেন, ‘এটা খুবই বাজে, বাজে, বাজে সিদ্ধান্ত। আমি মনে করি, আধুনিক ফুটবলের জন্য এটি মোটেও ইতিবাচক বার্তা নয়।’
নরওয়ে কোচের মতে, নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে নেওয়া এমন সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বিতর্কের জন্ম দিতে পারে।
- বিষয় :
- ফিফা
- নরওয়ে
- বিশ্বকাপ ফুটবল
- লাল কার্ড
