শুধু যুক্তরাষ্ট্র নয় ভারতসহ অনেক দেশ ইসরায়েলের বন্ধু: নেতানিয়াহু
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরসায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফাইল ছবি: এএফপি
টাইমস অব ইসরায়েল
প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৩:১৯ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৪:২০
ইরানের সঙ্গে সমঝোতা স্মারকের সমালোচনা করায় ইসরায়েলকে বন্ধুহীন রাষ্ট্র বলে মন্তব্য করেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই মন্তব্যের জবাব দিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
গত মাসে ভ্যান্স বলেছিলেন, ‘বিশ্বে কেবল ডোনাল্ড ট্রাম্পই একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল।’ রোববার ফক্স নিউজে প্রচারিত সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র অবশ্যই সবচেয়ে বড় বন্ধু। তবে আরও অনেক বন্ধু আছে। ১৪০ কোটি মানুষের ভারতেও ইসরায়েলের প্রতি বিপুল সমর্থন আছে।
ভারতের সমর্থনের প্রমাণ হিসেবে নেতানিয়াহু ফেসবুক পেজে পাওয়া কিছু তথ্যের বরাত দেন। যেখানে ভারতীয় ফেসবুক ব্যবহারকারীদের সমর্থন ফুটে উঠেছে। অন্য কোনো দেশের নাম উল্লেখ না করলেও নেতানিয়াহু ভারতের উদাহরণ টেনে দাবি করেন, এমন আরও অনেক বন্ধু আছে।
নেতানিয়াহু বলেন, বিভিন্ন দেশের জনগণের মধ্যে ইসরায়েল ও ইহুদিবিরোধী মনোভাব বৃদ্ধি সত্ত্বেও, বিশ্বনেতারা প্রতিরক্ষা ও প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েলের সহযোগিতা চাইছেন। অনেক নেতা ফোন করে বলেন, জনমত নিয়ে তাদের ওখানে কিছু সমস্যা আছে। তবে শাসক হিসেবে তারা ইসরায়েলকে সম্মান করেন। কিছু চুক্তি করতে চান, বিশেষ করে সামরিক দক্ষতা, এআই ও সাইবার প্রযুক্তির ক্ষেত্রে।
নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ‘আপনারা জানেন সাইবার প্রযুক্তিতে বিশ্বে ইসরায়েলের অবস্থান দ্বিতীয়। আমাদের প্রযুক্তি অত্যন্ত উন্নত। তাই আমাদের সম্পর্কগুলো বাইরে থেকে যেমন দেখায়, আসলে ঠিক তেমন নয়। আমাদের অনেক, অনেক বন্ধু আছে।’
- বিষয় :
- ভারত
- ইসরায়েল
- নরেন্দ্র মোদি
- বেনিয়ামিন নেতানিয়াহু
