ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

রাজবাড়ীতে তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে মারধর, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে

রাজবাড়ীতে তরুণ ও গৃহবধূকে গাছে বেঁধে মারধর, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বিয়ে
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুলাই ২০২৬ | ১৪:৫০ | আপডেট: ০৬ জুলাই ২০২৬ | ১৫:১৯

রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামে এক তরুণ ও এক গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। পরে গৃহবধূর স্বামীর সঙ্গে বিচ্ছেদ করিয়ে ওই তরুণের সঙ্গে বিয়ে দেওয়া হয়।

শনিবার রাতে এ ঘটনা ঘটে। রোববার সন্ধ্যার পর এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।

ভিডিওতে দেখা যায়, একটি বাড়ির উঠানে গাছের সঙ্গে একই রশি দিয়ে এক তরুণ ও এক গৃহবধূকে বেঁধে রাখা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন তাদের বিভিন্ন প্রশ্ন করছেন। একপর্যায়ে তরুণকে তার বাবাকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলতেও শোনা যায়। তরুণ বারবার রশি খুলে দেওয়ার অনুরোধ করেন। তবে উপস্থিত কয়েকজন তাকে জানান, রশি খুলে দিলে তাকে মারধর করা হতে পারে।

স্থানীয় কয়েকজন জানান, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ওই তরুণ শনিবার রাত ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর এলাকায় তার ফুপাতো ভাইয়ের বাড়িতে যান। ফুপাতো ভাইয়ের স্ত্রীর সঙ্গে ওই তরুণের প্রেমের সম্পর্ক। রাতে হাতেনাতে ধরে ফেলার পর ওই তরুণের ফুফাতো ভাই ও তার পরিবারের সদস্যরা তাকে মারধর করেন। গৃহবধূসহ তাকে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

স্থানীয় বাসিন্দা হাসেম শেখ জানান, রাতেই ঘটনাস্থলে গিয়ে তিনি দুজনকে গাছে বাঁধা অবস্থায় দেখেন। ওই সময় গৃহবধূর স্বামী জানান, তিনি আর স্ত্রীর সঙ্গে সংসার করবেন না। পরে রাত আড়াইটার দিকে ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে তাদের বিচ্ছেদ ঘটানো হয় এবং রাত সাড়ে তিনটার দিকে ওই তরুণের সঙ্গে গৃহবধূর বিয়ে দেওয়া হয়। এরপর ভোরের দিকে নবদম্পতি বাড়িতে চলে যান। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। তিনি শুনেছেন ওই গৃহবধূ ও তরুণের বিয়ে হয়েছে। তারা দুজনই প্রাপ্তবয়স্ক।

এ বিষয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানান ওসি।

আরও পড়ুন

×