কানাডার আলবার্টায় জোড়া টর্নেডোর তাণ্ডব, ব্যাপক ক্ষয়ক্ষতি
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ২২:৩৯
কানাডার আলবার্টা প্রদেশের মধ্যাঞ্চলে শক্তিশালী ঝড়ের সময় সৃষ্ট দুটি টর্নেডোতে অন্তত তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। টর্নেডোর আঘাতে একটি প্রাদেশিক পার্কের ক্যাম্পগ্রাউন্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
কানাডার আবহাওয়া সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কানাডা (ইসিসিসি) বৃহস্পতিবার জানিয়েছে, বুধবার রাতে পূর্ব আলবার্টার এডগার্টন ও ডিলবেরি লেক প্রভিন্সিয়াল পার্ক এলাকায় পৃথক দুটি টর্নেডো আঘাত হানে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ডিলবেরি লেক প্রভিন্সিয়াল পার্ক। এডমন্টন শহর থেকে প্রায় ২৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পার্কটির ক্যাম্পগ্রাউন্ডে টর্নেডোর আঘাতে অসংখ্য গাছ উপড়ে যায়, বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্তীর্ণ এলাকায় ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে।
ঘটনার পর পুলিশ, দমকল ও জরুরি সেবা বিভাগের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। আলবার্টা ইমার্জেন্সি হেলথ সার্ভিসেস (ইএইচএস) জানিয়েছে, আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের একজনের আঘাত গুরুতর।
রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) জানিয়েছে, ডিলবেরি লেক প্রভিন্সিয়াল পার্কের ক্যাম্পগ্রাউন্ডে অবস্থানকারী সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কাউকে নিখোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া ব্যক্তিদের সাময়িকভাবে কাছের চভিন রিক্রিয়েশন সেন্টারে আশ্রয় দেওয়া হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ ও ধ্বংসাবশেষ অপসারণের কাজ শুরু করেছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাজুড়ে এখনো বৈরী আবহাওয়ার ঝুঁকি রয়েছে। তাই বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।