ইরানের সঙ্গে আবার যুদ্ধে যুক্তরাষ্ট্র, কংগ্রেসে ট্রাম্পের ঘোষণা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
দ্য নিউইয়র্ক টাইমস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ১০:৩৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আবারও ইরানের সঙ্গে সামরিক সংঘাতে জড়িয়েছে। নতুন এ অভিযানের মাধ্যমে তার প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার আইনি ভিত্তি নিশ্চিত করতে চাইছে।
মার্কিন গণমাধ্যমগুলোর হাতে আসা গত শুক্রবারের একটি চিঠিতে ট্রাম্প বলেন, ইসলামিক রিপাবলিক অব ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ দেশে ও বিদেশে মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার দায়িত্বের অংশ।
এর আগে প্রতিনিধি পরিষদ ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতার ওপর সীমাবদ্ধতা আরোপের চেষ্টা করেছিল। তাদের যুক্তি ছিল, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নেননি। ১৯৭৩ সালের ওয়ার পাওয়ারস রেজোল্যুশন অনুযায়ী, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো সামরিক অভিযান শুরু হলে ৬০ দিনের মধ্যে প্রেসিডেন্টকে সেনা প্রত্যাহার করতে হয়।
হোয়াইট হাউসের দাবি, নতুন এই চিঠির মাধ্যমে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার জন্য আরও ৬০ দিনের সময় পাবে।
এর আগে গত মে মাসে ট্রাম্প কংগ্রেসকে জানিয়েছিলেন, ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ‘অপারেশন এপিক ফিউরি’ সমাপ্ত হয়েছে। কিন্তু গত সপ্তাহে দুই দেশের মধ্যে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হলে সেই যুদ্ধবিরতি ভেঙে যায়। একই সঙ্গে গত ১৭ জুন স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকও কার্যত অকার্যকর হয়ে পড়ে। চুক্তি ভঙ্গের দায় একে অপরের ওপর চাপাচ্ছে ওয়াশিংটন ও তেহরান।
এদিকে সোমবার ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নেবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ নৌপথ ব্যবহারকারী সব পণ্যবাহী জাহাজের কাছ থেকে ২০ শতাংশ মাশুল আদায় করা হবে।
ট্রাম্প আরও জানান, ইরানের বন্দরগুলোর ওপর পুনরায় নৌ-অবরোধ কার্যকর করা হবে। পাশাপাশি ইরান কিংবা ইরানের গ্রাহকদের কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে দেওয়া হবে না।
- বিষয় :
- ডোনাল্ড ট্রাম্প
- যুক্তরাষ্ট্র
- কংগ্রেস
- ইরান