দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ
ইরান নীতি ও হরমুজ সংকট নিয়ে গোলকধাঁধায় ট্রাম্প
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬ | ০৫:৩৩
ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংঘাত এক জটিল ও ধোঁয়াশাপূর্ণ ধাপে প্রবেশ করেছে। গত ১৭ জুনের সমঝোতা স্মারক থেকে দুপক্ষই এখন অনেক দূরে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনাই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করছে ওয়াশিংটন। তবে ট্রাম্পের সিদ্ধান্তহীনতা, ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং অসংলগ্ন দাবি পুরো বিষয়টিকে বিভ্রান্তিকর করে তুলেছে।
দ্য গার্ডিয়ানের একটি বিশ্লেষণে বলা হয়েছে, কৌশলগত বিশৃঙ্খলার অংশ হিসেবে ট্রাম্প প্রথমে হরমুজ প্রণালি ব্যবহারের জন্য জাহাজগুলোর ওপর ২০ শতাংশ টোল আরোপের ঘোষণা দেন। শিপিং সংস্থা, নিজ প্রশাসন ও আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিবাদের মুখে দ্রুতই তিনি সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) স্পষ্ট জানিয়েছিল, এই টোল আন্তর্জাতিক আইনের পরিপন্থি। পরে নিজের এই ব্যর্থতা ঢাকতে ট্রাম্প দাবি করেন, টোলের পরিবর্তে উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় বিনিয়োগ করবে, যা আসলে একটি দুর্বল অজুহাত মাত্র।
অর্থনৈতিক ও রাজনৈতিক বিপর্যয়
চলমান যুদ্ধের কারণে তেলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলারে গিয়ে ঠেকতে পারে, যা আসছে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের জন্য বড় পরাজয় ডেকে আনতে পারে। পাঁচ মাসের এই যুদ্ধে ট্রাম্পের অবস্থান আগের চেয়েও দুর্বল হয়েছে। প্রায় ৬ হাজার নাবিক এখনও হরমুজে আটকে আছেন এবং জলপথটি তেহরানের নিয়ন্ত্রণেই রয়েছে। কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় ওয়াশিংটনের প্রায় ১০ হাজার কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।
আবার সমঝোতা স্মারক অনুযায়ী, আগামী ১৭ আগস্টের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো এখন প্রায় অসম্ভব। তেহরানের প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফকেও দেশের ভেতরে মার্কিনিদের বিশ্বাসযোগ্যতা নিয়ে জবাবদিহি করতে হচ্ছে। অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফিলিপ গর্ডন মার্কিন কৌশলের সমালোচনা করে বলেছেন, ওয়াশিংটনের অস্পষ্ট নীতিই ইরানকে হরমুজ নিয়ন্ত্রণ নেওয়ার সুযোগ করে দিয়েছে।
উপসাগরীয় নিরাপত্তার আসল সংকট
ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আল বুসাইদি ফরাসি সংবাদমাধ্যম ল্য মন্ডে-তে লিখেছেন, আমেরিকার নিয়ন্ত্রণ নীতি একটি ব্যর্থ ধারণা মাত্র। উপসাগরীয় অঞ্চলের মূল হুমকি ভেতর থেকে নয়, বরং বাইরে থেকে। বিশেষ করে ইসরায়েলের নেওয়া নানা সিদ্ধান্ত ও উস্কানিমূলক পদক্ষেপ থেকে এই হুমকি আসছে। সব মিলিয়ে, যুদ্ধবাজদের উস্কানিতে ট্রাম্প এখন এমন এক সংকটে পড়েছেন, যেখানে তাঁর সামনে কোনো সহজ পথ খোলা নেই।
- বিষয় :
- ইরান
- যুক্তরাষ্ট্র
- ট্রাম্প
- হরমুজ প্রণালি