ধর্ষণ-মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে টেট ভাইদের গ্রেপ্তার, প্রত্যর্পণ চাইবে যুক্তরাজ্য
ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টান টেট। ছবি: রয়টার্স
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১২:৫৮ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৩:৪৬
বিতর্কিত ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট ও তাঁর ভাই ট্রিস্টান টেটকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) তাদের বিরুদ্ধে নতুন করে একাধিক অভিযোগ আনার ঘোষণা দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিপিএস জানিয়েছে, অ্যান্ড্রু টেটের বিরুদ্ধে ধর্ষণের সাতটি নতুন অভিযোগের পাশাপাশি যৌন পাচার ও শিশু পর্নোগ্রাফিসহ আরও কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ট্রিস্টান টেটের বিরুদ্ধে যৌন নিপীড়নের একটি, ধর্ষণের দুটি মামলার অভিযোগ আনা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, এসব অপরাধ ২০১০ সালের জুলাই থেকে ২০১৭ সালের আগস্টের মধ্যে সংঘটিত হয়েছে। তবে টেট ভাইয়েরা এর আগের মতোই সব অভিযোগ অস্বীকার করেছেন।
সিপিএসের স্পেশাল ক্রাইম ডিভিশনের প্রধান ম্যালকম ম্যাকহাফি বলেন, বেডফোর্ডশায়ার পুলিশের কাছ থেকে নতুন প্রমাণ পাওয়ার পর অতিরিক্ত অভিযোগ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে এ মামলায় কথিত ভুক্তভোগীর সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।
ইউএস মার্শাল সার্ভিস বিবিসিকে নিশ্চিত করেছে যে, টেট ভাইদের হেফাজতে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবেই তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এক বিবৃতিতে সিপিএস জানিয়েছে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিক অ্যান্ড্রু ও ট্রিস্টান টেটকে যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা ধর্ষণ এবং যৌন পাচারের অভিযোগে দুই ভাইকে নিজেদের হেফাজতে নিতে প্রত্যর্পণ চাইবে যুক্তরাজ্য সরকার।
শনিবার সন্ধ্যায় গ্রেপ্তারের পর টেট ভাইদের আইনজীবী জোসেফ ম্যাকব্রাইড দাবি করেন, বিশ্ব জানে অ্যান্ড্রু ও ট্রিস্টান নির্দোষ। তাঁদের শত্রুরাও তা জানে। ঠিক এ কারণেই তাঁদের ওপর আক্রমণ চালানো হয়েছে।
তিনি যুক্তরাজ্যের নতুন অভিযোগগুলোকে রাজনৈতিক আঘাত বলে উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রে টেট ভাইদের দায়ের করা মানহানি মামলার পাল্টা পদক্ষেপ হিসেবেই এসব অভিযোগ আনা হয়েছে।
ম্যাকব্রাইড আরও বলেন, আমরা নিশ্চিত, কোনো যোগ্য বিচারক যখন তথ্য-প্রমাণ দেখবেন এবং বিচার বিভাগ যখন নিজেদের ক্ষমতার এই চরম অপব্যবহারের বিষয়টি খতিয়ে দেখবে, তখন অ্যান্ড্রু ও ট্রিস্টান টেট মুক্তি পাবেন। আমেরিকা ব্রিটেনের কোনো নোংরা রাজনৈতিক কাজ করে না।
এর আগে ২০২৫ সালের মে মাসে প্রসিকিউটররা অ্যান্ড্রু টেট (৩৯) ও ট্রিস্টান টেটের (৩৭) বিরুদ্ধে ২১টি অভিযোগের তালিকা নিশ্চিত করেন। ওই অভিযোগগুলোর অপরাধ ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে সংঘটিত হয়েছে বলে দাবি করা হয়।
২০২৪ সালে বেডফোর্ডশায়ার পুলিশ দুই ভাইয়ের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর উদ্দেশ্য ছিল রোমানিয়া থেকে তাদের যুক্তরাজ্যে ফিরিয়ে আনা। বর্তমানে রোমানিয়াতেও তারা পৃথক একটি ফৌজদারি তদন্তের মুখোমুখি রয়েছেন।
গত জুন মাসে যুক্তরাজ্যে তাদের বিরুদ্ধে অভিযোগকারীদের পরিচয় জানার আইনি প্রচেষ্টায় টেট ভাইয়েরা ব্যর্থ হন। কারণ, মামলার আনুষ্ঠানিক বিচারিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত কথিত ভুক্তভোগীদের পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত দেয় ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। সূত্র বিবিসি
- বিষয় :
- যুক্তরাজ্য
- গ্রেপ্তার