মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেওয়ার আশঙ্কা
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬ | ০৭:২৮ | আপডেট: ২৪ জুলাই ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
সৌদি আরব ও যুক্তরাষ্ট্র গত বুধবার যুগান্তকারী একটি চুক্তিতে সম্মত হয়েছে। এর মাধ্যমে উপসাগরীয় দেশটিতে বেসামরিক পারমাণবিক কর্মসূচি প্রতিষ্ঠায় আমেরিকান প্রযুক্তি ও কারিগরি দক্ষতা ব্যবহার করা হবে। এমন পদক্ষেপ মধ্যপ্রাচ্যজুড়ে এবং ওয়াশিংটনের ক্ষমতার অলিন্দে উদ্বেগের সৃষ্টি করেছে।
তবে ইসরায়েলকে স্বীকৃতি না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের করা পারমাণবিক চুক্তিটি কার্যকর হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে তারা আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিলেই বেসামরিক পারমাণবিক সহযোগিতাসংক্রান্ত চুক্তিটি কার্যকর হবে।
গার্ডিয়ানের একটি বিশ্লেষণে বলা হয়েছে, রিয়াদ দীর্ঘদিন ধরে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জনের দাবি জানিয়ে আসছে। কারণ হিসেবে তারা ইরানের কর্মসূচির উদাহরণ দেয়। আবার ইসরায়েলও গোপনে কর্মসূচি পরিচালনা করে। এ অবস্থায় নতুন চুক্তিটি সৌদি আরবের অভ্যন্তরে ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে উদ্বেগ তৈরি করেছে। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটের এক বিবৃতি অনুযায়ী, সৌদি আরবের জ্বালানি চাহিদা মেটানোর জন্য ৩০ বছর মেয়াদি এই চুক্তি করা হয়েছে। ফলে দেশটি উৎপাদিত তেলের বড় অংশ রপ্তানি করতে পারবে।
সৌদি ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে?
এই চুক্তি সৌদি আরবে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পথ তৈরি করে দিয়েছে। তবে এটি নির্ভর করবে দুই দেশের যৌথ সমীক্ষার ওপর। সেখানে নির্ধারণ করা হবে– এ ধরনের কেন্দ্র আদৌ প্রয়োজন কিনা? সমীক্ষাটি দুই বছর ধরে চলবে। ফলে ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষে হোয়াইট হাউসে যদি নতুন প্রেসিডেন্ট আসেন, তাহলে তাঁর ওপর চুক্তি এগিয়ে নেওয়ার দায়িত্ব বর্তাবে।
কংগ্রেসে চুক্তি আটকে দেওয়া হবে?
দীর্ঘদিন ধরে বিরোধীরা বলে আসছেন, সৌদি আরবকে নিজ ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিলে, মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোও এটি অর্জনের প্রতিযোগিতায় নামবে। ধারণা অনুযায়ী, ইসরায়েল গোপনে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিচালনা করে। সৌদির চুক্তি নিয়ে তেল আবিবও অস্ত্র প্রতিযোগিতা শুরুর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন কংগ্রেসের বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারাও উদ্বেগ প্রকাশ করেছেন। সিনেটর ক্রিস মারফি বলেছেন, এই চুক্তি মধ্যপ্রাচ্যে পারমাণবিক প্রতিযোগিতা শুরু করবে।
- বিষয় :
- অস্ত্র
- মধ্যপ্রাচ্য
- যুক্তরাষ্ট্র