ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বার্লিনে উৎসবের ভিড়ে গাড়িচাপার ঘটনায় সন্দেহভাজনের খোঁজে পুলিশ

বার্লিনে উৎসবের ভিড়ে গাড়িচাপার ঘটনায় সন্দেহভাজনের খোঁজে পুলিশ
×

সন্দেহভাজন আবদুল বি.। ছবি: বার্লিন পুলিশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৬ | ১৩:৩৩ | আপডেট: ২৬ জুলাই ২০২৬ | ১৩:৪০

জার্মানির রাজধানী বার্লিনে ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ (সিএসডি) প্রাইড উৎসব চলাকালে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। হামলার পর সন্দেহভাজনের পরিচয় প্রকাশ করে শহরজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বার্লিন পুলিশ।  

পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী সন্দেহভাজনের নাম আবদুল বি.। তার গড়ন হালকা-পাতলা, চুল কালো এবং পরনে একটি কালো হুডি ও সাদা প্যান্ট রয়েছে। প্রায় ১.৯ মিটার উচ্চতার এই তরুণ গাড়ি ফেলে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সে অস্ত্রধারী ও বিপজ্জনক হতে পারে বিধায় জনসাধারণকে তার কাছে না যাওয়ার কড়া সতর্কতা দেওয়া হয়েছে।

এর আগে, শনিবার রাত আনুমানিক ১০টার দিকে ব্রান্ডেনবুর্গ গেটসংলগ্ন টিয়ারগার্টেন পার্ক এলাকায় এই ঘটনা ঘটে। একটি চলন্ত গাড়ি ভিড়ের মধ্যে ঢুকে একাধিক ব্যক্তিকে চাপা দেওয়ার পর একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এই ঘটনায় ১ জন নিহত ও ১৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

সন্দেহভাজনকে ধরতে বার্লিনজুড়ে হেলিকপ্টার, ড্রোন ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করে অভিযান চলছে। অনুষ্ঠানস্থলের চারপাশে ২৫০টিরও বেশি যান প্রতিরোধক নিরাপত্তা প্রতিবন্ধক থাকার পরও কীভাবে গাড়িটি ভিড়ে প্রবেশ করল, সেটি এখন তদন্তের প্রধান বিষয়। প্রত্যক্ষদর্শীদের কাছে ঘটনার ছবি ও ভিডিও চেয়েছে পুলিশ।

হামলার পরপরই আয়োজকরা বড় পর্দায় ‘এলাকা খালি করুন’ বার্তা দিয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন।  

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস একে ‘ভয়াবহ একটি ঘটনা’ আখ্যা দিয়ে দায়ীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, তিনি ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্টের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।  

সূত্র: বিবিসি

সংশ্লিষ্ট খবর

আরও পড়ুন

×