ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী

ইরাক-ইয়েমেন থেকে সৌদিতে হামলা করেছে ইরান সমর্থিত গোষ্ঠী
×

সৌদি আরবের একটি তেল পরিশোধনাগার। ফাইল ছবি: এএফপি

এএফপি

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২০:১৪ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ২০:১৬

মধ্যপ্রাচ্যের নতুন যুদ্ধক্ষেত্র সোমবার আরও বেশি সক্রিয় হয়েছে। এদিন সৌদি আরবে নতুন করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী। রিয়াদের অভিযোগ, ইরাক থেকেও ইরান সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা করেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি সংঘাত বন্ধ থাকলেও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে সৌদি আরব ও লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল। হুতিরা জানিয়েছে, সৌদি আরবের ড্রোন অনুপ্রবেশের জবাবে সোমবার তারা তেল অবকাঠামোতে হামলা চালিয়েছে।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও পয়েন্টে ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে।

সৌদির ইয়ানবু বন্দরনগরী জ্বালানি পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই শহর হয়েই সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন লোহিত সাগরে গেছে।

হুতিদের হামলার বিষয়ে রিয়াদের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্য করা হয়নি। তবে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার তারা ইরাক থেকে উড্ডয়ন করা বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে। সেগুলো পেট্রোলিয়াম স্থাপনাকে লক্ষ্য করে পাঠানো হয়েছিল। 

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে মন্ত্রণালয় আরও জানায়, রাজধানী রিয়াদ ও দেশের পূর্বাঞ্চল লক্ষ্য করে ইরান সমর্থিত ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হামলার চেষ্টা করেছিল। ইরাকের উচিত তাদের ভূখণ্ডকে হামলার কাজে ব্যবহার করতে না দেওয়া।

চলতি মাসের শুরু থেকে এখন পর্যন্ত ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো কোনো হামলার দায় স্বীকার করেনি।

আরও পড়ুন

×