প্রাণঘাতী হামলায় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, দাবি ইউক্রেনের
রুশ হামলার কারণে লাগা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এক উদ্ধারকর্মী। মঙ্গলবার ইউক্রেনের জাপোরিঝিয়ায়। ছবি: এএফপি
এএফপি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৮:৫০
ইউক্রেনে রাশিয়ার চালানো সবশেষ হামলায় অন্তত ৯ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার কিয়েভ অভিযোগ করেছে, এই হামলায় মস্কো উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
ইউক্রেন এই অভিযোগ তুলল প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির একটি দাবির পর। জেলেনস্কি বলেছিলেন, পিয়ংইয়ংয়ের কাছে থেকে মস্কো আরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা সংগ্রহ করছে। তবে এর পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাননি।
সাড়ে চার বছর ধরে চলমান এই আগ্রাসনে সহযোগিতা পেতে রাশিয়া একাধিকবার উত্তর কোরিয়ার দ্বারস্থ হয়েছে। যুদ্ধের শুরুর দিকে দেশটির পশ্চিমাঞ্চলীয় কুরস্ক অঞ্চলে পাল্টা আঘাত হেনেছিল ইউক্রেন। সে পরিস্থিতি সামাল দিতে কয়েক হাজার সেনা পাঠিয়েছিল পিয়ংইয়ং।
এছাড়া পশ্চিমা বিশ্ব, কিয়েভ এবং সিউলের গোয়েন্দা সংস্থাগুলো দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়ায় অস্ত্র সরবরাহের অভিযোগ তুলছে।
মঙ্গলবার জেলেনস্কি জানান, রাশিয়ার সবশেষ হামলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়া। সেখানে ৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। শহরটিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন (ক্ষেপণাস্ত্র) এবং গাইডেড বিমান হামলা চালানো হয়েছে। বেসামরিক অবকাঠামোর সর্বাধিক ক্ষতি করতে হামলাটি চালানো হয়েছিল।
জাপোরিঝিয়ার পাশের দনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরও তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন। জেলেনস্কির দাবি, রাজধানী কিয়েভে একটি সংক্রামক ব্যাধি হাসপাতালও ক্ষতিগ্রস্ত হয়েছে। খেরসন ও খারকিভ শহরে হামলায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে।
এমন অভিযোগের বিপরীতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী কিয়েভ ও জাপোরিঝিয়া শহরের সামরিক শিল্পপ্রতিষ্ঠান এবং পরিবহন ও লজিস্টিক কেন্দ্রগুলোতে দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।
- বিষয় :
- ইউক্রেন
- হামলা
- রাশিয়া
- ক্ষেপণাস্ত্র
- উত্তর কোরিয়া