ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

৯/১১ হামলার বর্ণনায় ‘সন্ত্রাস’ শব্দ ব্যবহার করা যাবে না: সাংবাদিকদের সিবিসি

৯/১১ হামলার বর্ণনায় ‘সন্ত্রাস’ শব্দ ব্যবহার করা যাবে না: সাংবাদিকদের সিবিসি
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০১:১০

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারসহ একাধিক স্থাপনায় হামলার ২৫তম বার্ষিকী নিয়ে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ‘সন্ত্রাস’ বা ‘সন্ত্রাসী’ শব্দ ব্যবহার না করার নির্দেশনার পক্ষে সাফাই গেয়েছে কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি (CBC)। প্রায় তিন হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই হামলাকে কেবল ‘ছিনতাইয়ের ফলে যাত্রীবাহী জেট বিধ্বস্ত’ হিসেবে বর্ণনা করার নির্দেশনা দেওয়ায় গণমাধ্যমটির বিরুদ্ধে সমালোচনা শুরু হয়েছে।

সিবিসির পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর কেরি কেলি বলেন, ‘সন্ত্রাসী’ এবং ‘সন্ত্রাসবাদ’ শব্দগুলো ব্যবহারের আগে চরম সতর্কতা অবলম্বন করা তাদের দীর্ঘদিনের প্রাতিষ্ঠানিক চর্চা। নেটওয়ার্কটি এই শব্দগুলোকে নিজে থেকে ব্যবহার না করে কেবল কোনো সূত্র বা সাক্ষাৎকারদাতার উদ্ধৃতি হিসেবে প্রচার করতে পছন্দ করে। 

সিবিসির দাবি, এসব শব্দ অর্থ, রাজনীতি ও আবেগে এতটাই ভারাক্রান্ত যে, এগুলো শেষ পর্যন্ত বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অন্তরায় হতে পারে। ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলার পরও সিবিসি একই ধরনের নীতি গ্রহণ করেছিল। 

সিবিসির পাশাপাশি শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসও (এপি) রাজনৈতিক মেরুকরণের কারণে এসব শব্দ এড়িয়ে ঘটনার বিস্তারিত বিবরণ দেওয়ার পক্ষে অবস্থান নিয়েছে। তবে টরন্টো সানের এক কলামিস্ট সিবিসি সাংবাদিকদের পাওয়া এই নির্দেশনার কথা প্রকাশ্যে আনলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। 

নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ভিকি পালাডিনো এই নেটওয়ার্কটির বিরুদ্ধে হামলার শিকার ব্যক্তি ও তাদের পরিবারকে চরম অবজ্ঞা করার অভিযোগ তুলেছেন। এই নির্দেশনাকে আপত্তিকর ও অপমানজনক আখ্যা দিয়ে তিনি দাবি করেন, এটি মূলত ইসলামি রাজনীতির সেবায় ওই দিনের ভয়াবহতাকে আড়াল করার একটি ইচ্ছাকৃত অপচেষ্টা। 

জনগণের আস্থার প্রতিষ্ঠানগুলো বিদেশি স্বার্থের দ্বারা নিয়ন্ত্রিত হলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলেও তিনি মন্তব্য করেন।

টুইন টাওয়ার, পেন্টাগন এবং পেনসিলভানিয়ার মাঠে ইচ্ছাকৃতভাবে যাত্রীবাহী বিমান আছড়ে ফেলার মতো সুপরিকল্পিত হামলাকে কেবল ‘বিমান দুর্ঘটনা’ বা ‘ছিনতাই’ হিসেবে আখ্যায়িত করা নিয়ে খোদ সাংবাদিক সমাজেও প্রশ্ন উঠেছে।  

আরও পড়ুন

×