ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার 'হলিডে গিফট' দিলেন ট্রাম্প

নাটালিসহ চারজনকে ১ লাখ ৫৫ হাজার ডলার 'হলিডে গিফট' দিলেন ট্রাম্প
×

ডোনাল্ড ট্রাম্প ও নাটালি হার্প

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৫৮ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হোয়াইট হাউসের চারজন সহকারীকে হলিডে গিফট বা ছুটির দিনের উপহার হিসেবে ১ লাখ ৫৫ হাজার ডলার দিয়েছেন। প্রশাসনের প্রকাশিত নতুন ফিন্যান্সিয়াল ডিসক্লোজারের তথ্য অনুযায়ী, এই চারজনের মধ্যে তিনজনকে ৪৫ হাজার ডলার করে এবং অপর একজনকে ২০ হাজার ডলার দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে এই খবরটি প্রথম প্রকাশিত হয়।

গত সপ্তাহে প্রকাশিত হোয়াইট হাউস কর্মীদের বার্ষিক আর্থিক প্রকাশের ফর্মে এই বড়সড় উপহারের বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নাটালি হার্প, কমিউনিকেশনস অ্যাডভাইজার মার্গো মার্টিন এবং ওভাল অফিসের অপারেশনের ডেপুটি ডিরেক্টর চেম্বারলেইন হ্যারিস ৪৫ হাজার ডলার করে উপহার পেয়েছেন। অন্যদিকে, ওভাল অফিসের অপারেশনের ডিরেক্টর ওয়াল্ট নাউটাকে দেওয়া হয়েছে ২০ হাজার ডলারের উপহার। 

এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটালি হার্পের সঙ্গে পেশাদারত্বের বাইরের সম্পর্কের গুঞ্জন কিছুতেই এড়াতে পারছেন না। একাধিক ট্যাবলয়েড পত্রিকা দাবি করেছে, হার্প ট্রাম্পকে একাধিক আবেগী চিঠি লিখেছেন। এক চিঠিতে লিখেছেন, ‘আমার কাছে শুধু আপনিই (ট্রাম্প) গুরুত্বপূর্ণ।’ 

গত ২৮ জুন, ৮০ বছর বয়সী প্রেসিডেন্ট এবং তার ৩৪ বছর বয়সী সহকারীকে ন্যাশনাল গলফ ক্লাবে একসঙ্গে দেখা যাওয়ার পর এই গুঞ্জন আরও ঘনীভূত হয়েছে।

নাটালি হার্প প্রেসিডেন্টের জন্য গুরুত্বপূর্ণ খবর ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রিন্ট করার কাজে একটি পোর্টেবল প্রিন্টার বহনের জন্য পরিচিত। ট্রাম্প স্ক্রিনের চেয়ে কাগজে পড়তে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। 

এ বিষয়ে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, সরকারি ও বেসরকারি খাতে কাজ করার সময় ট্রাম্পের তার আশেপাশের মানুষদের বড়দিনের উপহার দেওয়ার দীর্ঘদিনের একটি প্রথা রয়েছে। তবে অন্য কোনো কর্মীকে অনুরূপ উপহার দেওয়া হয়েছে কি না, তা তিনি নিশ্চিত করেননি। 

ওই কর্মকর্তা আরও জানান, এই নগদ উপহারগুলো তাদের আনুষ্ঠানিক সরকারি দায়িত্বের সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয়, তাই এটি প্রাসঙ্গিক আইনি ও নৈতিক মানদণ্ডের অধীনে সম্পূর্ণ গ্রহণযোগ্য।

নাটালি বাদে উপহার পাওয়া বাকিদের মধ্যে মার্গো মার্টিন ট্রাম্পের প্রথম মেয়াদের সময় থেকেই তার সঙ্গে কাজ করছেন। ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ফ্লোরিডায় তার মিডিয়া অপারেশন পরিচালনার দায়িত্ব পালন শেষে ২০২৪ সালের বিজয়ের পর পুনরায় হোয়াইট হাউসে ফিরে এসেছেন। 

এছাড়া এ বছরের শুরুতে চেম্বারলেইন হ্যারিসকে হোয়াইট হাউস বলরুম প্রকল্পের তদারকির জন্য ইউএস কমিশন অব ফাইন আর্টসে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। অন্যদিকে, ট্রাম্পের সাবেক ভ্যালেট ওয়াল্ট নাউটার বিরুদ্ধে ২০২৩ সালে গোপন নথিপত্র সরানোর বিষয়ে এফবিআইয়ের তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠলেও ২০২৪ সালে সেই অভিযোগ খারিজ করে দেওয়া হয়।

কংগ্রেসের কাছে দেওয়া হোয়াইট হাউসের বেতন প্রকাশের প্রতিবেদন অনুযায়ী, হার্প, মার্টিন এবং হ্যারিস প্রত্যেকে বছরে ১ লাখ ৫০ হাজার ডলার আয় করেন। আর নাউটার বার্ষিক বেতন ১ লাখ ৭৫ হাজার ডলার। সূত্র: দ্য গার্ডিয়ান ও লিটল থিংস

আরও পড়ুন

×