ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

ডালাসে মধ্যবর্তী নির্বাচনী সম্মেলন

ট্রাম্পকে ঘিরে ‘বাজি’ রিপাবলিকানদের

ট্রাম্পকে ঘিরে ‘বাজি’  রিপাবলিকানদের
×

ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স

সমকাল ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০১:৩১

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রিপাবলিকান পার্টির কৌশলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব স্পষ্ট হচ্ছে। জনপ্রিয়তা কমে যাওয়া, জীবনযাত্রার ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগ এবং ইরান যুদ্ধ নিয়ে বিতর্কের মধ্যেও তাকে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দলটি। টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে দুদিনের প্রথম মধ্যবর্তী নির্বাচন সম্মেলনে ট্রাম্পের নেতৃত্ব, তার নীতির প্রশংসা এবং ডেমোক্র্যাটদের ‘উগ্রপন্থি’ হিসেবে তুলে ধরার মধ্য দিয়ে সেই বার্তা জোরালো হয়েছে।

রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী নির্বাচনকেন্দ্রিক জাতীয় সম্মেলন শেষ হয়েছে গত বৃহস্পতিবার। দুদিনের সম্মেলনে সবচেয়ে স্পষ্ট যে বার্তা পাওয়া গেছে তা হলো, ট্রাম্পই রিপাবলিকানদের প্রচারণার অন্যতম প্রধান শক্তি হয়ে থাকবেন। বুধবার তিনি ঘোষণা দেন, আগামী কয়েক সপ্তাহে সিনেট ও প্রতিনিধি পরিষদের প্রতিটি হাড্ডাহাড্ডি আসনে তিনি প্রচারে নামবেন। ট্রাম্প রিপাবলিকান ভোটারদের উদ্দেশে বলেন, মধ্যবর্তী নির্বাচনে এমনভাবে ভোট দিতে হবে, যেন তিনিই প্রার্থী হিসেবে রয়েছেন।

এদিকে ডালাস সিটি হলে সমাবেশ করেছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি। আমেরিকান এয়ারলাইন্স সেন্টারের কাছে বিক্ষোভ আয়োজনকারী সংগঠন ইনডিভিজিবলের কর্মী জন প্যাটিসন বলেন, ‘এই সম্মেলনের ফল ট্রাম্প যা চান, তার ঠিক উল্টো হবে। আমরা টেক্সাসকে বদলে দেব। আর ট্রাম্প এ নিয়েই উদ্বিগ্ন।’

ডালাসের পেশাদার প্রকল্প ব্যবস্থাপক ক্যাথরিন সুয়ারেজ বলেন, ‘রিপাবলিকানরা ডেমোক্র্যাট প্রার্থী জেমস তালারিকো ও জিনা হিনোজাকে নিয়ে উদ্বিগ্ন।’ তালারিকো ডেমোক্র্যাটদের সিনেট প্রার্থী। তিনি রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনের সঙ্গে ব্যবধান কমিয়ে এগিয়ে যাচ্ছেন। আর হিনোজা গভর্নর পদে ডেমোক্র্যাট প্রার্থী।

ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি ভ্যান্স?
বৃহস্পতিবার রাতের রিপাবলিকান পার্টির মধ্যবর্তী সম্মেলনের সমাপনী বক্তব্যে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে ট্রাম্পের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তুলে ধরেছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বক্তব্যে তিনি নিজের সরকারের সাফল্য নিয়ে অতিরঞ্জিত দাবি করেন, ডেমোক্র্যাটদের ‘উন্মাদ’ বলে আক্রমণ করেন এবং মেক্সিকোর পতাকা হাতে এক বিক্ষোভকারীর প্রতি কঠোর ভাষায় ক্ষোভ প্রকাশ করেন।

আলজাজিরার সঙ্গে কথা বলা অনেক রিপাবলিকান সমর্থকও ভ্যান্সকেই ট্রাম্পের সবচেয়ে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখেছেন। তবে কয়েকজন পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর নামও বলেছেন।

ইরান যুদ্ধ নিয়ে অনুশোচনা নেই ট্রাম্পের
বৃহস্পতিবার ফক্স নিউজের উপস্থাপক লরা ইনগ্রাহামকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়, যুদ্ধের কারণে নভেম্বরের নির্বাচনে সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করে তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার সিদ্ধান্ত নিয়ে অনুতপ্ত কিনা? জবাবে ট্রাম্প বলেন, ‘আমি অনুশোচনা শব্দটিতে বিশ্বাস করি না। মানুষ হিসেবে নিজের সিদ্ধান্ত নিয়ে একটু-আধটু ভেবে দেখা বা চিন্তা করা স্বাভাবিক।’ খবর আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।

আরও পড়ুন

×