ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে নিশ্ছিদ্র নিরাপত্তা

শি’র ২৪ ঘণ্টার সফরে মাঠে ১৫ হাজার পুলিশ, ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী

শি’র ২৪ ঘণ্টার সফরে মাঠে ১৫ হাজার পুলিশ, ২০০ কোম্পানি আধাসামরিক বাহিনী
×

ছবি: এনডিটিভি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ভারত সফর ঘিরে নয়াদিল্লিতে জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। তার এক দিনের সফর উপলক্ষে দিল্লিতে ১৫ হাজারের বেশি পুলিশ সদস্য ও আধাসামরিক বাহিনীর ২০০ কোম্পানি মোতায়েন করা হয়েছে।

শনিবার ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছান শি জিনপিং। সাত বছর পর তার প্রথম ভারত সফর এটি। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হয়। সেখানে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক হয়। 

শি জিনপিংয়ের চলাচল ও অবস্থান ঘিরে একাধিক সংস্থা সমন্বিতভাবে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। তিনি নয়াদিল্লির তাজ প্যালেস হোটেলে অবস্থান করেন। হোটেলটি নো-ফ্লাই জোনের আওতায় রাখা হয়েছে। সেখানে সন্ত্রাসবিরোধী ও বোমা শনাক্তকারী দল মোতায়েন করা হয়েছে। হোটেলজুড়ে ব্যাপক নিরাপত্তা তল্লাশিও চালানো হয়।

নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে সম্ভাব্য পারমাণবিক, তেজস্ক্রিয় ও জৈব রাসায়নিক হুমকি শনাক্তের ব্যবস্থাও রাখা হয়েছে। হোটেলের আশপাশের ভূগর্ভস্থ পাইপলাইন ও অন্যান্য অবকাঠামোও পরীক্ষা করা হয়।

চীনা প্রেসিডেন্টের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে তার সরকারি গাড়িও আগেভাগে ভারতে পাঠানো হয়েছে। সফরের প্রায় ১০ দিন আগে একটি কার্গো বিমানে তার হংছি ব্র্যান্ডের রাষ্ট্রীয় গাড়ি, একটি বিকল্প গাড়ি এবং যোগাযোগের সরঞ্জাম ভারতে পাঠানো হয়।

বিদেশি নিরাপত্তা দলের আনা কিছু সরঞ্জামের ক্ষেত্রে ভারতের নিয়ম প্রযোজ্য হবে। স্যাটেলাইট যোগাযোগের সরঞ্জাম ব্যবহারের অনুমতি নেই। কিছু অস্ত্র ও নিরাপত্তা সরঞ্জাম ভারতে আনা যায় না; সেগুলো কাস্টমসে জমা দিতে হবে। বিদেশি সরকারের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগগুলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুযায়ী দিল্লি পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

শি জিনপিং চীনের এয়ার চায়নার একটি বিশেষভাবে তৈরি বোয়িং ৭৪৭-৮ উড়োজাহাজে ভ্রমণ করেন। উড়োজাহাজটিতে নিরাপদ যোগাযোগব্যবস্থা ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

এদিকে ব্রিকস সম্মেলনকে কেন্দ্র করে পুরো দিল্লিতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিভিন্ন স্থানে ব্যারিকেড বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শান্তি পাঠ পর্যন্ত সড়কে ৭০০টির বেশি সিসিটিভি ক্যামেরা ও পাঁচটি নিয়ন্ত্রণকক্ষ স্থাপন করা হয়েছে। তুঘলক রোড থানায় আলাদা একটি সিসিটিভি নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রায় ৫০০ ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

উল্লেখ্য, শি জিনপিংয়ের ভারত সফর প্রায় ২৪ ঘণ্টার। রোববার সকাল ১১টার দিকে ভারত মণ্ডপম থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।

সূত্র: এনডিটিভি

আরও পড়ুন

×