বাড়িতে বনসাই তৈরি করবেন যেভাবে
বনসাই গাছ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১২:২৩
সৌন্দর্য বাড়াতে অনেকেই ঘরে বনসাই রাখতে পছন্দ করেন। আকারে ছোট হলেও সৌন্দর্য ও নান্দনিকতায় বনসাই ঘর সাজানোর অন্যতম আকর্ষণ। যারা ঘরে প্রকৃতির ছোঁয়া রাখতে চান তারা বনসাই গাছ না কিনে বাড়িতেই সহজে তৈরি করতে পারেন।
যেভাবে বনসাই তৈরি করবেন
যারা প্রথমবার বনসাই গাছ তৈরি করতে যাচ্ছেন, তারা এমন গাছ বেছে নিন যা সহজে তৈরি করা যায়। যেমন- বট, ফাইকাস, মানি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট, বক্সউড, জুনিপার ইত্যাদি।
বনসাই গাছ লাগানোর জন্য একটি অগভীর পাত্র বেছে নিন, যাতে পানি নিষ্কাশশনের ব্যবস্থা ভালো থাকে। গাছের শিকড় যাতে বেশি ছড়াতে না পারে সেদিকেও লক্ষ্য রাখুন। এ গাছ লাগানোর জন্য ৪০ শতাংশ বাগানের মাটি, ৩০ শতাংশ বালি বা পার্লাইট এবং ৩০ শতাংশ কম্পোস্ট ব্যবহার করা উচিত।
বনসাই গাছকে কীভাবে আকার দেবেন?
বনসাই গাছকে আকার দেওয়ার জন্য আপনাকে প্রথমে রুট প্রুনিং করতে হবে। যে গাছট লাগাতে চান, তার শিকড়ের প্রায় ৪০ শতাংশ কেটে ফেলুন। মোটা শিকড় কাটলে পাতলা শিকড় তৈরি হয়। এরপর গাছের ওপরের ডালপালা ছেঁটে ছোট করে নিন। একে শুট প্রুনিং বলা হয়। এরপর তামা বা অ্যালুমিনিয়ামের তার দিয়ে গাছের ডাল বাঁকিয়ে আকার দিন। এই কৌশলকে ওয়্যারিং বলা হয়। চাইলে ৩ মাস পর তারটি খুলেও ফেলতে পারেন।
বনসাই গাছের যত্ন নেবেন যেভাবে
টবে মাটি হালকা শুকিয়ে বনসাই গাছে পানি দিন। চাইলে স্প্রে বোতলও ব্যবহার করতে পারেন, যাতে গাছে বেশি পানি না যায়। গাছের জন্য তরল সারের প্রয়োজন হয়। চাইলে মাসে একবার অল্প পরিমাণে জৈব সার দিতে পারেন। বনসাই গাছকে প্রতিদিন ৫-৬ ঘণ্টা রোদে রাখুন। যদি ইনডোর বনসাই হয়, তবে বারান্দা বা জানালার কাছে রাখতে পারেন। আপনি মানি প্ল্যান্ট থেকে শুরু করে কমলা লেবুর গাছকেও বনসাই হিসেবে তৈরি করতে পারেন।