ইতিবাচক সমর্থনের আশা ডুলির
ছবি- বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৩:৩৯
ফ্লাডলাইটের আলোতে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। তাই সাফের প্রস্তুতির জন্য ঢাকার জাতীয় স্টেডিয়ামে কৃত্রিম আলোয় অনুশীলন করছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। ফ্লাডলাইটের আলোয় অনুশীলন যেমন মনের মতো হচ্ছে, তেমনি বাংলাদেশ কোচ থমাস ডুলিকে জবাব দিতে হচ্ছে নেতিবাচক সব প্রশ্নের।
আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের আগে সবার কাছ থেকে ইতিবাচক সমর্থন চেয়েছেন এ আমেরিকান। সমালোচনা কিংবা নেতিবাচক আলোচনা নয়, মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে চান ডুলি।
বুধবার জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের আগে অনেক নেতিবাচক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। ৫ নভেম্বর ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরীকে ছাড়া কেমন করবে দল? এমন প্রশ্নের উত্তরে ফুটবলারদের হয়ে কথা বলেন ডুলি, ‘খেলোয়াড়রাও মানুষ, কোনো রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে। তাদেরও মানসিক চাপ থাকে। ম্যাচে চাপের কারণে ভুল হতে পারে, প্রতিপক্ষ গোলও করতে পারে। তাই প্রতিটি ভুলের জন্য কোচকে দায়ী করা যায় না। বিশ্বাস করি, খেলোয়াড়দের ওপর আস্থা রেখে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে।’ চোটের কারণে খেলোয়াড়দের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হচ্ছে কোচিং স্টাফকে। বিশ্বনাথের হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে সতর্ক ডুলি।
- বিষয় :
- থমাস ডুলি
- বাংলাদেশ ফুটবল