এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আরেকটি সোনা
ছবি- বাংলাদেশ আর্চারি ফেডারেশন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৪:৪৪
এশিয়া কাপ আর্চারিতে রিকার্ভ পুরুষ দলগত বিভাগে সোনার পদক জিতেছে বাংলাদেশ। ইরাকের সোলাইমানিয়াহতে বৃহস্পতিবার ফাইনালে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন আব্দুর রহমান আলিফ, সাগর ইসলাম ও মোহাম্মদ আব্দুল্লাহ আল রাফি।
ফাইনালে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম সেটে ৫০-৫৩ ব্যবধানে হেরে পিছিয়ে পড়েন আলিফ, সাগর ও রাফি। তবে পরের তিন সেটেই ঘুরে দাঁড়ায় দলটি। দ্বিতীয় সেটে ৫৫-৫৪, তৃতীয় সেটে ৫৫-৫২ এবং চতুর্থ সেটে ৫২-৫১ ব্যবধানে জিতে সোনা নিশ্চিত করেন বাংলাদেশের আর্চাররা। এর আগে সরাসরি এলিমিনেশন রাউন্ডে খেলার সুযোগ পাওয়া বাংলাদেশ সেমিফাইনালে উজবেকিস্তানকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে।
এই সোনা জয়ের মধ্য দিয়ে চলতি আসরে বাংলাদেশের পদকসংখ্যা দাঁড়াল ছয়ে। এখন পর্যন্ত দুটি করে সোনা, রুপা ও ব্রোঞ্জ জিতেছেন দেশের আর্চাররা।
এর আগে কম্পাউন্ড নারী দলগত বিভাগে কাজাখস্তানকে ২৩০-২২০ স্কোরে হারিয়ে বাংলাদেশের হয়ে প্রথম সোনা জিতেছিলেন বন্যা, শ্রীপর্ণা বিশ্বাস ও মনি। এ ছাড়া কম্পাউন্ড পুরুষ দলগত ও মিশ্র দলগত বিভাগে রুপা জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড পুরুষ এককে নেওয়াজ আহমেদ রাকিব এবং নারী এককে কুলসুম আক্তার মনি পেয়েছেন ব্রোঞ্জ।
- বিষয় :
- বাংলাদেশ আর্চারি ফেডারেশন
- আর্চারি