কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু
ফাইল ছবি
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৪:২০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১৪:৫৬
কক্সবাজারের উখিয়ার ইনানী এলাকায় সমুদ্রে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে ভেসে যাওয়া শান্ত (১৫) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতে তল্লাশি চালিয়ে তার মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও বিচকর্মীরা। শান্ত ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তার পরিবারের বিস্তারিত পরিচয় নিশ্চিত করতে পারেনি প্রশাসন।
সৈকতে নিয়োজিত জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার বেলাল উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে মাদ্রাসার ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ইনানী সৈকতে গোসল করতে নামেন। এ সময় সাগরের ঢেউয়ের তোড়ে তারা ভেসে যেতে থাকেন। পরে তাদের মধ্যে ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে শান্ত নিখোঁজ ছিল।
মাহবুব আলম আরও জানান, খবর পেয়ে বিচকর্মী, ট্যুরিস্ট পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা সাগরে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে বেলা সাড়ে ১২টার দিকে সাগরে ভাসমান অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করা হয়।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, ঘটনাটি আমরা শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ১৪ অক্টোবর হিমছড়ির পেঁচার দ্বীপ সমুদ্রসৈকতে গোসলে নেমে নিখোঁজ ছিলেন পাঁচ পর্যটক। পরে ওই দিন বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকাল ও রাতে আরও দুজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও বিচকর্মীরা। এর মধ্যে তিনজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
- বিষয় :
- মরদেহ উদ্ধার
- কক্সবাজার
- সমুদ্র সৈকত