ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

ফ্যাসিস্ট সরকারের চরিত্র বর্তমান সরকারেও দেখা যাচ্ছে: দেলোয়ার

ফ্যাসিস্ট সরকারের চরিত্র বর্তমান সরকারেও দেখা যাচ্ছে: দেলোয়ার
×
×

লংমার্চ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসেন। ছবি: সমকাল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৩:০৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১৩:৪৩

ফ্যাসিস্ট সরকারের যে চরিত্র ছিল, বর্তমান সরকারের মধ্যেও একই চরিত্র দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. দেলোয়ার হোসেন। তিনি বলেন, জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে এবং জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার পতনের কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের ইকুরিয়া যমুনা কনভেনশন হলে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেলোয়ার হোসেন বলেন, ১১টি রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছিল এই প্রত্যাশায় যে, বর্তমান সরকার সনদটি অক্ষরে অক্ষরে পালন করবে। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার তা ভুলে গেছে। সনদের মৌলিক দাবিগুলোর একটিও বাস্তবায়ন করেনি। ফলে ১১ দলীয় ঐক্য একের পর এক কর্মসূচি দিতে বাধ্য হয়েছে।

আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে সরকারের প্রতি সাত দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই আন্দোলনে শহীদদের হত্যাকারীদের সুষ্ঠু বিচার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে হবে।

তিনি আরও অভিযোগ করেন, সিটি করপোরেশনের প্রশাসকসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দলীয় লোক বসিয়ে আবারও দলীয়করণ করা হচ্ছে।

১১ দলীয় ঐক্য ঢাকা জেলার উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মো. আফজাল হোসাইন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ ও অধ্যক্ষ মো. শাহীনুর ইসলাম, সহকারী সেক্রেটারি এবিএম কামাল হোসাইন, রাজনৈতিক সম্পাদক হাসান মাহবুব মাস্টার, নেজামে ইসলাম ঢাকা জেলা দক্ষিণের সেক্রেটারি কাজী শামিম হোসেন, জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আসাদুজ্জামান জীম এবং ছাত্রশিবিরের জেলা দক্ষিণের সভাপতি আবু ফাত্তাহ তুর্য।

আরও পড়ুন

×