তৃতীয় প্রান্তিকে এনআরবিসি ব্যাংকের ইপিএস বৃদ্ধি
ছবি: প্রতিষ্ঠানের সৌজন্যে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১২:৫২
এনআরবিসি ব্যাংক পিএলসির ২০২৬ সালের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) সমন্বিত হিসাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে ০.৫৮ টাকায় দাঁড়িয়েছে। গত বছরের একই সময়ে ব্যাংকটির ইপিএস ছিল ০.১০ টাকা। এছাড়া একক হিসেবে ইপিএস ০.১৬ টাকা থেকে বেড়ে ০.৬৯ টাকা হয়েছে। বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৫২তম সভায় অনুমোদিত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়।
ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মো. নুরুল হক, অডিট কমিটির চেয়ারম্যান মুহাম্মদ এমদাদ উল্লাহ, স্বতন্ত্র পরিচালক মো. আবুল বশর, মো. আনোয়ার হোসেন ও ব্যারিস্টার মো. শফিকুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান, উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন হাওলাদার এবং প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর শেষে সমন্বিত হিসাবে ব্যাংকের নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৪৭ টাকায়, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষে ১৬.৭৪ টাকা ছিল। টাকার অঙ্কে সমন্বিত নিট সম্পদমূল্য ১ হাজার ৪৪৭ কোটি ২৮ লাখ টাকায় উন্নীত হয়েছে।
পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, বিনিয়োগ থেকে আয় বৃদ্ধি এবং আয়কর প্রভিশন সংরক্ষণের প্রয়োজনীয়তা হ্রাস পাওয়ায় ইপিএস উল্লেখযোগ্য হারে বেড়েছে। সেই সঙ্গে সংবিধিবদ্ধ সঞ্চিতি ও সংরক্ষিত আয় (রিটেইন্ড আর্নিংস) বৃদ্ধি পাওয়ায় ব্যাংকের নিট সম্পদমূল্যও ইতিবাচক ধারায় রয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।
- বিষয় :
- এনআরবিসি ব্যাংক