ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

নারীদের নিরাপত্তায় দিল্লিতে ‘পিংক ফোর্স’

নারীদের নিরাপত্তায় দিল্লিতে ‘পিংক ফোর্স’
×
×

ছবি-সংগৃহীত

সমকাল ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৬:৫৭

| প্রিন্ট সংস্করণ

নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে রাত্রিকালীন ‘পিংক ফোর্স’ টহল জোরদার করেছে দিল্লি পুলিশ। এর আওতায় রাজধানীজুড়ে ‘পিংক প্যাট্রল’ ও ‘পিংক স্কুটি’ উদ্যোগের আওতায় নারী পুলিশ বাড়ানো হচ্ছে।

স্কুল, কলেজ, মেট্রোস্টেশন ও অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায় টহলের জন্য প্রশিক্ষিত নারী পুলিশ সদস্যদের নিয়ে এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে। গত মঙ্গলবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তারানজিত সিং সাধু দিল্লি পুলিশকে গোয়া পুলিশের ‘পিংক ফোর্স’-এর আদলে ইউনিটটি গঠনের নির্দেশ দেন। ঝুঁকিপূর্ণ সময়ে চিহ্নিত এলাকাগুলোতে বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে। 

সম্প্রতি দিল্লিতে প্রায় ১০ দিনের ব্যবধানে নাবালিকাদের ওপর পৃথক চারটি ধর্ষণ ও যৌন নিপীড়নের ঘটনা সামনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হলো। সর্বশেষ ঘটনায় কালকাজি মন্দিরের কাছের আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছর বয়সী এক কিশোরীকে তিন ব্যক্তি দলবদ্ধভাবে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। পুলিশ জানায়, অভিযুক্তরা নিজেদের পুলিশ পরিচয়ে প্রথমে মেয়েটিকে তার পুরুষ বন্ধুর কাছ থেকে আলাদা করে। মধ্য দিল্লির কিষানগঞ্জে ৬ বছর বয়সী এক শিশুও যৌন নির্যাতনের শিকার হয়। দিল্লি পুলিশের বিদ্যমান নারী টহল কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনাই নতুন বাহিনীর অন্যতম লক্ষ্য। এর পাশাপাশি প্রকাশ্য স্থানে নারীদের উত্ত্যক্তকরণ বন্ধে ‘অপারেশন শিষ্টাচার’ চালু থাকবে।

এখন থেকে দিল্লি পুলিশের ‘জনশুনানি’ কর্মসূচিতে পাওয়া অভিযোগগুলো ডিজিটাল পদ্ধতিতে ট্র্যাক করা হবে। প্রাপ্ত প্রতিটি অভিযোগের প্রাপ্তি স্বীকার করা হবে এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। অন্য অভিযোগগুলো সংশ্লিষ্ট সরকারি দপ্তর সম্পর্কিত সংস্থায় পাঠিয়ে দেওয়া হবে।

এদিকে পুলিশি ‘জনশুনানি’ কর্মসূচিতে পাওয়া অভিযোগগুলো ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত ও অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধপ্রবণ ও জনবহুল এলাকায় হেঁটে ও মোটরসাইকেলে টহল বাড়ানোর পাশাপাশি সাইবার অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও সিসিটিভি নজরদারি জোরদারের নির্দেশও দেওয়া হয়েছে। ইকোনমিক টাইমস।

আরও পড়ুন

×