ইসরায়েলের গণহত্যা
নেতানিয়াহুর শর্তের জেরে ৯ হাজার প্রাণ ঝরে গাজায়
ছবি-সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬ | ০৬:৪৯
২০২৪ সালে অনেক শর্ত জুড়ে দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তি বিলম্ব করেছিলেন। ওই বিলম্বের কারণে আরও ছয় মাস সমঝোতায় পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ফিল গর্ডন এই তথ্য জানান।
২০২২ সালের মার্চ থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত ফিল গর্ডন সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। গত শনিবার সামাজিক মাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন। গর্ডন লিখেছেন, নেতানিয়াহু নিজ নিরাপত্তা প্রধানদের পরামর্শ উপেক্ষা করে প্রচুর শর্ত যোগ করেছিলেন। গর্ডন আরও জানান, ওই ছয় মাসে আরও প্রায় ৯ হাজার ফিলিস্তিনি প্রাণ হারান। প্রচুর ইসরায়েলি জিম্মিও মারা যান।
উপত্যকার দখল আরও বাড়াচ্ছে ইসরায়েল
ইসরায়েল গাজা উপত্যকায় নিজেদের সামরিক অভিযানের পরিসর বৃদ্ধি করছে। বিষয়টি মূলত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। এর মধ্য দিয়ে ফিলিস্তিনিদের আরও সংকুচিত জায়গার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। গাজার প্রায় দুই-তৃতীয়াংশ এখন ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে এবং নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অধীনে গাজায় তৈরি করা হয়েছিল কথিত ‘ইয়েলো লাইন’। ওই কল্পিত রেখার একপাশে ইসরায়েলি বাহিনী ও আরেকপাশে গাজাবাসীর অবস্থান। সেই ইয়েলো লাইনের পরিধি ধীরে ধীরে বাড়িয়ে চলেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত রোববার ইসরায়েলি বাহিনী দক্ষিণপূর্ব গাজা সিটির শুজাইয়া এলাকায় আরও কয়েক মিটার বাড়িয়েছে সীমানা। এতে করে আরও বেশ কিছু ফিলিস্তিনি পরিবারকে সরে যেতে হয়েছে। এ প্রসঙ্গে আলজাজিরার ইব্রাহিম আল-খলিলি বলেন, ‘বিষয়টি এটা নয় যে আজ হলুদ লাইন কোথায় আছে। বরং বিষয়টা হলো এটি পরে কোথায় যেতে পারে। তিন বছর ধরে যেসব পরিবার বারবার বাস্তুচ্যুত হয়েছে, তাদের জন্য পরিস্থিতি এখনও কঠিন হয়ে আছে। তারা কোথায় যেতে পারে তাদেরকে সেই অসম্ভব সিদ্ধান্ত নিতে হবে।’
হামলায় দুই ফিলিস্তিনি নিহত
গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল সোমবার দেশটির চিকিৎসা বিভাগ জানায়, গত বছর থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি অব্যাহত লঙ্ঘনের মধ্যে সোমবার দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরায়েলি হামলায় দুই ফিলিস্তিনি নিহত এবং আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। এদিকে স্থানীয় সূত্র জানায়, গাজার খান ইউনিসের উত্তর-পূর্বের এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনী গোলাবর্ষণ করেছে।
- বিষয় :
- গাজা
- নেতানিয়াহু
- হামলা
- মৃত্যু