সিঙ্গাপুরের চিপ বাণিজ্য ঘিরে বাড়ছে যুক্তরাষ্ট্র-চীন দ্বন্দ্ব
২০২৫ সালে তাইপেইতে জেনসেন হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬ | ১৭:২১ | আপডেট: ১৪ নভেম্বর ২০২৬ | ১৭:২৭
এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং এবং সিঙ্গাপুরে অবস্থানরত সন্দেহভাজন এক চীনা গোয়েন্দাকে ঘিরে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। এতে বৈশ্বিক সেমিকন্ডাক্টর চিপ বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে সিঙ্গাপুরের ভূমিকা এবং দেশটির মাধ্যমে অবৈধভাবে চিপ সরবরাহের অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে।
বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর বৃহস্পতিবার মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান এনভিডিয়া থেকে পদত্যাগ করেন হুয়াং। জানা গেছে, অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। অ্যালিস ছিলেন সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের পরিচালনার দায়িত্বে। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার চিপের অন্যতম বড় ক্রেতা।
চিপ বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র সিঙ্গাপুর
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ব্যবসাবান্ধব অর্থনীতি হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে সিঙ্গাপুর। দেশটির উন্মুক্ত বাণিজ্যনীতি দুই দেশের বাজারে প্রবেশের সুযোগ তৈরি করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত প্রসারের ফলে সাম্প্রতিক বছরগুলোতে উন্নত সেমিকন্ডাক্টর চিপের বাণিজ্যেও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে দেশটি।
গত বছর এনভিডিয়ার দ্বিতীয় বৃহত্তম বিলিং কেন্দ্র ছিল সিঙ্গাপুর। প্রতিষ্ঠানটির মোট আয়ের প্রায় এক-পঞ্চমাংশ এসেছে এই কেন্দ্র থেকে। তবে এর মধ্যে ১ শতাংশেরও কম চিপ সরাসরি সিঙ্গাপুরে সরবরাহ করা হয়েছিল। মূলত বিভিন্ন এশীয় প্রতিষ্ঠানের অর্ডার গ্রহণ এবং সেগুলো অন্য দেশে পাঠানোর মধ্যবর্তী কেন্দ্র হিসেবে কাজ করে দেশটি।
২০২২ সালে যুক্তরাষ্ট্র চীনে উন্নত মার্কিন সেমিকন্ডাক্টর চিপ রপ্তানির ওপর বিধিনিষেধ আরোপ করে। পাশাপাশি চীনা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে এসব চিপ সংগ্রহের পথও সীমিত করা হয়। এরপর থেকেই মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, চীনা প্রতিষ্ঠানগুলো সিঙ্গাপুরের মতো তৃতীয় দেশকে ব্যবহার করে এসব চিপ সংগ্রহ করতে পারে।
সন্দেহের তালিকায় মেগাস্পিড
এ ধরনের অভিযোগের অন্যতম উদাহরণ হিসেবে উঠে এসেছে মেগাস্পিডের নাম। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এনভিডিয়ার চিপের সবচেয়ে বড় ক্রেতা হয়ে উঠেছিল প্রতিষ্ঠানটি। তবে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে অবস্থিত নিজেদের ডেটা সেন্টারের মাধ্যমে চীনা প্রতিষ্ঠানগুলোকে এনভিডিয়ার উন্নত চিপ ব্যবহারের গোপন সুযোগ করে দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
সিঙ্গাপুর অন্য দেশে উন্নত এআই চিপ পাঠানো নিষিদ্ধ না করলেও এ ধরনের লেনদেন যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করতে পারে। সিঙ্গাপুরের বক্তব্য, অন্য দেশের একতরফা রপ্তানি নিষেধাজ্ঞা তারা সরাসরি কার্যকর না করলেও দেশটির আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট আইন মেনে চলতে হবে।
চীনা এআই প্রতিষ্ঠান ডিপসিক সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের তৃতীয় পক্ষের মাধ্যমে এনভিডিয়ার চিপ সংগ্রহ করছে—যুক্তরাষ্ট্রের এমন উদ্বেগের পর সিঙ্গাপুরে কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। প্রতারণাসহ বিভিন্ন অপরাধে চারটি কোম্পানি এবং পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে দেশটির কর্তৃপক্ষ। তাদের মধ্যে চীনা নাগরিকও রয়েছেন।
মেগাস্পিডের বিরুদ্ধে তদন্তে বাধা
মেগাস্পিডের কর্মকাণ্ড নিয়েও তদন্ত শুরু করেছিল সিঙ্গাপুর। বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সরকার জানায়, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে প্রতিষ্ঠানটি এবং আরও কয়েকটি কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে। সিঙ্গাপুরের মাধ্যমে কেনা ও রপ্তানি করা ডেটা সার্ভারের গন্তব্য সম্পর্কে মিথ্যা তথ্য দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানগুলো দাবি করেছিল, এসব সরঞ্জাম প্রতিবেশী মালয়েশিয়ায় পাঠানো হবে। তবে সিঙ্গাপুরের সন্দেহ, এগুলোর প্রকৃত গন্তব্য ছিল অন্য কোনো দেশ।
তদন্তাধীন প্রতিষ্ঠানগুলোর একটি যুক্তরাষ্ট্রভিত্তিক সুপারমাইক্রো। বিবিসির তথ্য অনুযায়ী, মেগাস্পিডকে কম্পিউটার সার্ভার সরবরাহ করত প্রতিষ্ঠানটি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে সিঙ্গাপুর কয়েকবার মার্কিন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে। তবে বারবার অনুরোধের পরও এখন পর্যন্ত খুব সীমিত তথ্য ও সহযোগিতা পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটি।
এদিকে অ্যালিস হুয়াংয়ের বিরুদ্ধেও তদন্ত করেছিল সিঙ্গাপুর। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে নয়, মেগাস্পিডের কথিত প্রতারণায় তার কোনো ভূমিকা ছিল কি না, তা জানতে তদন্ত করা হয়। শেষ পর্যন্ত অপরাধে জড়িত থাকার পর্যাপ্ত প্রমাণ পায়নি কর্তৃপক্ষ। কয়েক মাস তার পাসপোর্ট আটকে রাখার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সিঙ্গাপুর ছাড়ার অনুমতি দেওয়া হয়।
তদন্ত শুরুর প্রায় দুই বছর পার হলেও মেগাস্পিড কিংবা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এখন পর্যন্ত অভিযোগ গঠন করতে পারেনি সিঙ্গাপুর। দেশটি ও যুক্তরাষ্ট্র—উভয় পক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।
চিপ পাচারের অভিযোগ ও পাল্টা দাবি
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে মার্কিন কর্মকর্তারা মালয়েশিয়ায় মেগাস্পিডের মালিকানাধীন একটি ডেটা সেন্টার পরিদর্শন করেন। সেখানে এনভিডিয়ার প্রযুক্তিপণ্যগুলো বাক্সবন্দি অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। এতে উন্নত চিপগুলো অন্য কোথাও পাচার করা হচ্ছে কি না, সেই সন্দেহ তৈরি হয়।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, গত বছর এনভিডিয়ার হিসাবের তুলনায় মেগাস্পিডের আমদানি করা চিপের সংখ্যা প্রায় ৫০ হাজার বেশি ছিল বলে প্রতীয়মান হয়। পরে কয়েকটি গুদাম পরিদর্শন করে নিজেদের হিসাব সংশোধন করে এনভিডিয়া।
তবে সব অভিযোগ অস্বীকার করেছে মেগাস্পিড। প্রতিষ্ঠানটির দাবি, তারা সব সময় আইন মেনে ব্যবসা করেছে। কর্তৃপক্ষের আগের পরিদর্শনেও কোনো অবৈধ কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, তারা যথাযথ সরকারি নজরদারিকে স্বাগত জানায় এবং মার্কিন সরকারের সঙ্গে স্বচ্ছ ও গঠনমূলকভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
অন্যদিকে চীনও বরাবরই তাদের প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অবৈধভাবে উন্নত মার্কিন চিপ সংগ্রহের অভিযোগ অস্বীকার করে আসছে।
চীনের ‘সিঙ্গাপুর-ওয়াশিং’
মেগাস্পিড ও অ্যালিস হুয়াংয়ের সিঙ্গাপুরে ব্যবসা পরিচালনার বিষয়টি দেশটির উন্মুক্ত অর্থনীতির কিছু দুর্বলতাও সামনে এনেছে। সাম্প্রতিক বছরগুলোতে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর জন্য গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে সিঙ্গাপুর। টিকটক ও মানুসের মতো প্রতিষ্ঠান সেখানে নিজেদের বৈশ্বিক সদর দপ্তর স্থাপন করেছে।
ব্যবসা পরিচালনার সহজ পরিবেশ এবং চীনের সঙ্গে সাংস্কৃতিক ও জনসংখ্যাগত ঘনিষ্ঠতা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিঙ্গাপুরের অধিকাংশ বাসিন্দাই জাতিগতভাবে চীনা।
নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল-এর অ্যাডজাঙ্কট অধ্যাপক উইনস্টন মা বলেন, চীনা প্রতিষ্ঠানগুলোর জন্য সিঙ্গাপুর মূল ভূখণ্ডের কাছাকাছি একটি ব্যবসায়িক ঘাঁটি। একই সঙ্গে এটি এমন একটি নিরপেক্ষ ঠিকানা, যা আন্তর্জাতিক গ্রাহক ও বিনিয়োগকারীদের কাছে গ্রহণযোগ্য।
তবে সমালোচকদের মতে, এ সুযোগ কাজে লাগিয়ে কিছু চীনা প্রতিষ্ঠান নিজেদের প্রকৃত পরিচয় আড়াল করছে। এ প্রবণতাকে বলা হচ্ছে ‘সিঙ্গাপুর-ওয়াশিং’। অর্থাৎ সিঙ্গাপুরের স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যবসায়িক ভাবমূর্তিকে ব্যবহার করে প্রতিষ্ঠানের প্রকৃত উৎস কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড আড়াল করা।
ওয়াশিংটনভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক সংস্থা সিফোরএডিএস (C4ADS) বিবিসিকে জানিয়েছে, মেগাস্পিড প্রতিষ্ঠার ঘটনাকে তারা এ ধরনের কর্মকাণ্ডের একটি উদাহরণ হিসেবে বিবেচনা করছে।
বিবিসি চীন, হংকং ও সিঙ্গাপুরের বিভিন্ন কোম্পানির নথি পর্যালোচনা করে অ্যালিস হুয়াংয়ের ব্যবসায়িক কর্মকাণ্ডের বিষয়ে কিছু তথ্য পেয়েছে। ২০১৯ সালে তিনি একটি গেমিং কোম্পানি ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো চীনা গেমিং প্রতিষ্ঠান সেভেনরোডের (7Road) কাছে বিক্রি করেন।
২০২৩ সালের মার্চে সিঙ্গাপুরে সেভেনরোডের একটি সহযোগী প্রতিষ্ঠান হুয়াংকে নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ দেয়। পরদিনই প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় মেগাস্পিড। পরে সিঙ্গাপুরের এক নাগরিকের কাছে প্রতিষ্ঠানটির মালিকানা হস্তান্তরের আগে আট মাস এর দায়িত্বে ছিলেন হুয়াং।
সিফোরএডিএসের মূল্যায়ন, ওই সময় মেগাস্পিড গুরুত্বপূর্ণ করপোরেট পুনর্গঠন ও আঞ্চলিক সম্প্রসারণের মধ্য দিয়ে যায়। প্রতিষ্ঠানটির সঙ্গে হুয়াংয়ের ব্যবসায়িক সম্পর্ক থেকে প্রশ্ন উঠেছে, মেগাস্পিড প্রকৃত অর্থেই সিঙ্গাপুরের প্রতিষ্ঠান, নাকি এটি কার্যত চীনের নিয়ন্ত্রণে ছিল।
মালিকানা হস্তান্তরের পরও অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মেগাস্পিডের সঙ্গে হুয়াংয়ের যোগাযোগ বজায় ছিল বলে মনে করে সংস্থাটি। এ ছাড়া বিভিন্ন সম্মেলনে নিজেকে মেগাস্পিডের ‘চেয়ারপার্সন’ হিসেবে পরিচয় দিয়ে লিংকডইনে পোস্টও করতেন তিনি।
মেগাস্পিড এবং অ্যালিস হুয়াংয়ের সঙ্গে চীন ও চীনা সরকারের সম্ভাব্য সম্পর্ক নিয়ে বিবিসি প্রশ্ন করলেও প্রতিষ্ঠানটি কোনো জবাব দেয়নি।
যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে ভারসাম্য রক্ষায় চাপে সিঙ্গাপুর
মেগাস্পিডের ঘটনা সিঙ্গাপুরের দীর্ঘদিনের কূটনৈতিক ও অর্থনৈতিক নীতিকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দেশটি এতদিন যুক্তরাষ্ট্র ও চীন—দুই পরাশক্তির সঙ্গেই সুসম্পর্ক বজায় রেখে চলেছে।
নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়নের প্রভাষক ডিলান লো বলেন, দীর্ঘ সময় ধরে দুই দেশের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রেখে উভয় পক্ষের কাছ থেকেই সুবিধা নিতে পেরেছে সিঙ্গাপুর। দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওংও বারবার বলেছেন, সিঙ্গাপুর চীনপন্থী কিংবা আমেরিকাপন্থী নয়। তারা সিঙ্গাপুরের স্বার্থকেই প্রাধান্য দেয়।
তবে লোর মতে, চিপ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের বিরোধের কারণে সিঙ্গাপুরের জন্য এই ভারসাম্য বজায় রাখা ক্রমেই কঠিন হয়ে উঠছে। বিশ্লেষকদের আশঙ্কা, মেগাস্পিডের ঘটনা দুই পরাশক্তির মধ্যে সিঙ্গাপুরের নিরপেক্ষ অবস্থানকে আরও জটিল করে তুলতে পারে।
- বিষয় :
- সিঙ্গাপুর
- জেনসেন হুয়াং