হুয়াংকে এনভিডিয়ায় ফেরাতে ইলন মাস্কসহ লাখো মানুষের খোলা চিঠি
চলতি বছরের সেপ্টেম্বরে ইলন মাস্ক ও এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং। ছবি: ইপিএ
দ্য গার্ডিয়ান
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬ | ১২:৩১ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৬ | ১২:৪৬
ইলন মাস্কসহ প্রযুক্তি খাতের ১ লাখ ৬৫ হাজারের বেশি ব্যক্তি এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে আবারও কোম্পানির নেতৃত্বে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন। এ দাবিতে তারা একটি খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন। চীনের সন্দেহভাজন গুপ্তচরের সঙ্গে সম্পর্কসহ ব্যক্তিগত জীবনের নানা তথ্য প্রকাশের পর পদত্যাগের কয়েক দিনের মধ্যেই হুয়াংয়ের পক্ষে এই উদ্যোগ সামনে এল।
চিঠিতে এনভিডিয়ার পরিচালনা পর্ষদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত জেনসেনকে ফিরিয়ে আনুন।’
গত বৃহস্পতিবার পদত্যাগের মধ্য দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্বে হুয়াংয়ের ৩৩ বছরের অধ্যায়ের অবসান ঘটে। তিনি প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতাও। তার বিরুদ্ধে অন্তত দুজনের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ প্রকাশিত হয়। তাদের একজন চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারী, অন্যজন তার অধস্তন কর্মী।
হুয়াংয়ের সঙ্গে সন্দেহভাজন চীনা গুপ্তচরের সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল কি না, তা জানতে কংগ্রেসের উভয় দলের আইনপ্রণেতারা হুয়াং ও এনভিডিয়াকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করার দাবি জানিয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের কয়েকজন আইনপ্রণেতা এ বিষয়ে প্রশাসন কী জানত, তা নিয়েও প্রশ্ন তুলেছেন।
ফিন্যান্সিয়াল টাইমসের (এফটি) প্রতিবেদনে বলা হয়েছে, এনভিডিয়ায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনা করেছেন হুয়াং। তার এক ঘনিষ্ঠ সহযোগী পত্রিকাটিকে জানিয়েছেন, সিলিকন ভ্যালির প্রযুক্তি খাতের নির্বাহীদের নিয়ে একটি ‘ওয়ার রুম’ গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। তাদের লক্ষ্য হুয়াংকে ফিরিয়ে আনার পক্ষে প্রচার চালানো এবং হোয়াইট হাউসের সমর্থন আদায় করা। ওই ব্যক্তির ভাষ্য, এ উদ্যোগে হুয়াংয়েরও সমর্থন রয়েছে।
শুক্রবার এনভিডিয়ার দুই বড় বিনিয়োগকারী ব্র্যাড গারস্টনার ও গ্যাভিন বেকার পরিচালনা পর্ষদকে সব বিকল্প খোলা রাখার আহ্বান জানান।
তবে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ভিন্ন অবস্থান নিয়েছেন। রোববার ফক্স নিউজকে তিনি বলেন, এনভিডিয়ার পরবর্তী প্রধান নির্বাহী কর্মকর্তা খুঁজতে কোম্পানির বাইরের কাউকে বিবেচনা করা উচিত। তার ভাষায়, প্রতিষ্ঠানটির ‘বড় ধরনের পরিবর্তন’ প্রয়োজন।
বেসেন্টের মতে, হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো-এনভিডিয়া জেনেশুনে তাদের সবচেয়ে উন্নত এআই চিপ চীনে পৌঁছানোর সুযোগ করে দিয়েছিল কি না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চেয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের কৌশলগত নীতির অংশ হিসেবে সবচেয়ে উন্নত এআই চিপ চীনে বিক্রির ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ২০২৫ সালের শেষ দিকে ট্রাম্প প্রশাসন এনভিডিয়ার এইচ২০০ চিপ চীনে বিক্রির অনুমোদন দেয়। বেসেন্ট বলেন, এইচ২০০-এর চেয়ে উন্নত কোনো চিপ চীনে বিক্রি করা যাবে না। তার মতে, যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণবিধি মেনে চলার সংস্কৃতি এনভিডিয়ায় ছিল কি না, তা খতিয়ে দেখা জরুরি।
হুয়াংয়ের আচরণ নিয়ে এনভিডিয়ার অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে উত্তর চান বলেও জানিয়েছেন বেসেন্ট।
মাস্ক ছাড়াও খোলা চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টিম সুইনি এবং ব্যবসায়িক উদ্যোগের সহায়তাকারী প্রতিষ্ঠান ওয়াই কম্বিনেটরের প্রেসিডেন্ট গ্যারি ট্যান। উবারের সহপ্রতিষ্ঠাতা ট্রাভিস কালানিকও চিঠিতে স্বাক্ষর করেছেন। তিনি লিখেছেন, হুয়াং ভুল করেছেন-এটি সত্য; তবে তার মতে, সেই ভুল তাকে নিজের প্রতিষ্ঠান থেকে বিচ্ছিন্ন করার মতো পর্যায়ে পৌঁছায়নি।
চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে ৭ হাজার ৫০০ জনের বেশি নিজেদের এনভিডিয়ার কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১৮ শতাংশ তারা।
হুয়াংয়ের প্রতি এই সমর্থন প্রযুক্তি খাতে তার বিশেষ অবস্থানের প্রতিফলন। তার নেতৃত্বে এনভিডিয়া এআই শিল্পের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডেটা সেন্টার ও নতুন প্রযুক্তি উদ্যোগে বিনিয়োগের মাধ্যমে সিলিকন ভ্যালিতে প্রতিষ্ঠানটির প্রভাব বেড়েছে। এ কারণে এনভিডিয়াকে কখনো কখনো ‘এআইয়ের কেন্দ্রীয় ব্যাংক’ বলেও অভিহিত করা হয়।
তবে এআই খাতে অতিরিক্ত বিনিয়োগের কারণে সম্ভাব্য বুদ্বুদ তৈরিতে এনভিডিয়ার ভূমিকা নিয়েও সমালোচনা রয়েছে। এআই উন্নয়নের গতি নিয়ন্ত্রণের বিরোধিতা করে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদেইয়ের সঙ্গেও মতবিরোধে জড়িয়েছেন হুয়াং।
এদিকে কংগ্রেসে সাক্ষ্য দিতে সম্মত হয়েছেন হুয়াং ও এনভিডিয়ার অন্য কর্মকর্তারা। তবে কবে তাদের সাক্ষ্য নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি।