ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত

সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত
×
×

অক্টোবরে হামলার পর সৌদি আরবের একটি তেল স্থাপনায় আগুন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে। ছবি: এপি

আল জাজিরা

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৯:৪৫

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান শহরের একটি তেল শোধনাগারে আকাশপথে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নেপালি কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় বিভিন্ন দেশের আরও কয়েকজন নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

লোহিত সাগরের উপকূলে অবস্থিত শোধনাগারটিতে হামলার পর আগুন ধরে যায়। এতে স্থাপনাটির কিছু কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয় বলে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।

হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে কিছু বলা হয়নি। তবে এর আগে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করে, ইরান-সমর্থিত গোষ্ঠীটি শোধনাগারটিতে হামলা চালিয়েছে। এর আগে জাজান প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করেছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।

সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায়, হামলায় নিহত ব্যক্তি নেপালের নাগরিক। আহত ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার পর জরুরি উদ্ধারকর্মী ও বিশেষজ্ঞ প্রযুক্তিগত দল ঘটনাস্থলে পৌঁছে ক্ষয়ক্ষতি পর্যালোচনা এবং স্থাপনাগুলোর নিরাপত্তা যাচাইয়ের কাজ শুরু করে।

ইয়েমেন সীমান্তের কাছে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত জাজান শোধনাগারটির দৈনিক চার লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধনের সক্ষমতা রয়েছে।

হামলার নিন্দা জানিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট পাল্টা সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, বেসামরিক নাগরিক ও বেসামরিক অবকাঠামোতে হামলা হলে তার কঠোর সামরিক জবাব দেওয়া হবে।

পরে বৃহস্পতিবার আল-মালিকি আরও দাবি করেন, জাজান শোধনাগারে হামলায় ব্যবহৃত হুথিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র ধ্বংস করেছে জোটের বাহিনী। ইয়েমেনের হোদেইদা প্রদেশে ওই উৎক্ষেপণকেন্দ্রটি অবস্থিত ছিল বলে জানান তিনি। তবে এ হামলার বিষয়ে হুতিদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এর আগের দিন হুতিরা সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার ও গুরুত্বপূর্ণ অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরায় হামলার দাবি করেছিল। একই সঙ্গে লোহিত সাগরের জেদ্দা ও জাজান বন্দরে হামলার কথাও জানায় গোষ্ঠীটি।

এদিকে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী বৃহস্পতিবার ৭৬৭টি হামলা চালানোর দাবি করেছে। বাহিনীগুলোর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি এক্সে দেওয়া পোস্টে বলেন, এসব হামলায় ১১৭ জন হুতি যোদ্ধা নিহত এবং ৮৭টি যানবাহন ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। তবে এসব দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা যায়নি।

দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই জাজান শোধনাগারে নতুন এই হামলার ঘটনা ঘটল।

আরও পড়ুন

×