ট্রাকচাপায় প্রাণ গেল মসজিদের ইমামের
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ১১:৫৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রাকের চাপায় মাওলানা আকরাম হোসেন (৫২) নামের এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিনসহ অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর ওভারপাসের পূর্ব পাশে মাছবাজারসংলগ্ন সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকরাম হোসেন নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম ছিলেন। তিনি কুমিল্লার হোমনা থানার দরিচর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সাইনবোর্ড থেকে ভূঁইঘরের দিকে যাওয়ার পথে বালুবাহী একটি খালি ট্রাক দ্রুতগতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লোকজন ও একটি দোকানে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটির পেছনের বাম চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আকরাম হোসেন।
দুর্ঘটনায় মসজিদের মুয়াজ্জিন মো. আবু হানিফ (৫৪), পথচারী রেদোয়ান খন্দকার (২০) ও সায়েম (২২) আহত হন। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া রাস্তার পাশে থাকা দুটি ভ্যানগাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর পেয়ে ফতুল্লা মডেল থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের চাকার নিচ থেকে মরদেহ উদ্ধার করেন। পুলিশ ট্রাকটি জব্দ করে রেকারের সাহায্যে পুলিশ লাইনে পাঠিয়েছে।
ফতুল্লা মডেল থানা-পুলিশ জানায়, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- ট্রাকের চাপায় নিহত
- ইমাম