উৎপাদনস্থলে কেনা সবজির দাম কুমিল্লায় এসে ৬ গুণ
কামাল উদ্দিন, কুমিল্লা
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৯:২৮
| প্রিন্ট সংস্করণ
কুমিল্লা নগরী থেকে ১৪ কিলোমিটার পশ্চিমে বুড়িচং উপজেলার নিমসার কাঁচাবাজার। দেশের অন্যতম বৃহৎ সবজির পাইকারি বাজার এটি। এখান থেকে কিনে কুমিল্লা নগরীর খুচরা বাজারে আসতেই সবজির দাম দ্বিগুণ থেকে তিন গুণ হয়ে যায়। উত্তরাঞ্চলের উৎপাদনস্থলের তুলনায় দাম পাঁচ থেকে ছয় গুণ বেশি। ব্যবসায়ীদের দাবি পরিবহন ভাড়া ও দোকানের খরচ বেড়ে যাওয়ায় সবজির দাম বেশি রাখতে হয়।
নিমসার বাজারে পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উত্তরাঞ্চলে কৃষকের ক্ষেত থেকে ১০ থেকে ১২ টাকায় ফুলকপি কেনার পর শ্রমিকের মজুরি, পরিবহন ও অন্যান্য খরচ যোগ করে নিমসার বাজারে পৌঁছাতে দাম ওঠে ২৫ থেকে ২৮ টাকা। পরে আড়ত থেকে পাইকারি বাজারে বিক্রি হয় ৩০ থেকে ৩৫ টাকায়। সেই ফুলকপি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। অন্য সবজির দামের ক্ষেত্রেও একই চিত্র।
গত মঙ্গলবার নিমসার বাজার ও নগরীর দুটি বাজারে গিয়ে এসব তথ্য জানা গেছে। কৃষি বিভাগ বলছে, পাইকারি থেকে খুচরা– সর্বত্র বাজার সিন্ডিকেট থাকায় উৎপাদনস্থলে কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
নিমসার কাঁচাবাজারে গিয়ে জানা যায়, গত কয়েক দিন বৈরী আবহওয়ার কারণে উত্তরাঞ্চল থেকে সবজির ট্রাক কম এসেছে। ব্যবসায়ীরা বলছেন, চুয়াডাঙ্গা, বগুড়া, রাজশাহী ও অন্যান্য জেলা থেকে ফুলকপি, বাঁধাকপিসহ নানা ধরনের সবজি এ বাজারে আসে। স্থানীয় কৃষকরাও সবজি নিয়ে এসে পাইকারি ও খুচরা বিক্রি করছেন।
চুয়াডাঙ্গা থেকে আসা পাইকারি ব্যবসায়ী রমিজ উদ্দিন বলেন, ক্ষেত থেকে প্রতিটি ফুলকপি ১০ থেকে ১২ টাকায় কিনেছেন। চার হাজার ফুলকপি কিনতে খরচ হয়েছে ৫০ হাজার টাকা। ক্ষেত থেকে ট্রাকে তুলতে খরচ ১৬ হাজার টাকা। ট্রাক ভাড়া ও পথখরচ বাবদ ব্যয় হয়েছে আরও ২৬ হাজার টাকা। তিনি বলেন, প্রতিটি ফুলকপি বাজারে আনতে খরচ পড়ে ২৫ থেকে ২৮ টাকা। এরপর ৩০ থেকে ৩৫ টাকায় পাইকারি বিক্রি করেন। এই ফুলকপি খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা, কোথাও ৭০ টাকা।
একই বাজারের নোয়াখালী বাণিজ্যালয়ের আড়তদার মো. শফিকুল ইসলাম বলেন, কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পান না। ক্ষেত থেকে বাজার পর্যন্ত সবজি আনতে পরিবহন, শ্রমিকের মজুরিসহ অন্যান্য খরচ বেড়ে গেছে। এ ছাড়া পথে অনেক সবজি নষ্ট হয়। এসব খরচ বাদ দিয়ে তারা সামান্য লাভে পণ্য বিক্রি করেন।
চুয়াডাঙ্গা থেকে আসা আবুল কাসেম বলেন, মাঠ থেকে ২০-২৫ টাকা কেজি দরে কাঁচামরিচ কিনে পাইকারি বাজারে ৪০ টাকায় বিক্রি করেন। তবে খুচরায় বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা। তিনি জানান, পরিবহন ভাড়া ২২ হাজার থেকে বেড়ে ২৫-২৬ হাজার টাকা হয়েছে।
নিমসার বাজারে প্রতি কেজি শিম ৩০ থেকে ৪০ টাকা, কাঁচামরিচ ২০ থেকে ৩০ টাকা, টমেটো ৭০ থেকে ৮০ টাকা এবং ধনেপাতা ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউয়ের দাম ৩০ থেকে ৩৫ টাকা। এক হালি মুলা ১০ টাকা, সাদা আলু প্রতি কেজি ১৫ টাকা। খিরা ২০ কেজি ৫০০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ কেজি এক হাজার টাকায় বিক্রি হলেও খুচরায় প্রতি কেজিতে ১০-১৫ টাকা বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। বড় এক হালি লেবু নিমসার বাজারে পাইকারি ১০-১৫ টাকায় বিক্রি হলেও কুমিল্লা নগরীতে বিক্রি হয় ৩০ থেকে ৪০ টাকায়।
নগরীর নিউমার্কেট বাজারের খুচরা ব্যবসায়ী আবদুল খালেক বলেন, পাইকারি বাজার থেকে সবজি কেনার পর খুচরা বাজারে আনতে পরিবহন ও শ্রমিক খরচ আছে। দোকান ভাড়াও দিতে হয়। আড়তে ফুলকপি গড়ে ৩০ টাকা দরে কিনলে তা থেকে বড়গুলো ৬০-৭০ টাকা এবং ছোটগুলো ৩৫-৪০ টাকা দরে বিক্রি করতে হয়। তা না হলে ব্যবসা করে পোষায় না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান সমকালকে বলেন, কৃষকের কাছ থেকে পানির দামে কেনা সবজি হাতবদলের পর মধ্যস্বত্বভোগীরা দ্বিগুণ থেকে তিন গুণ বেশি দামে বিক্রি করছেন। সিন্ডিকেটের কারণে ভরা মৌসুমেও সবজির দাম এখন চড়া। গত কয়েক দিনের বৈরী আবহাওয়ার কারণে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলা থেকে সবজির সরবরাহে ঘাটতির দোহাই দিয়ে ব্যবসায়ীরা দাম আরও বাড়িয়ে দিচ্ছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া সমকালকে বলেন, নিমসার বাজারে সবজির মূল্য লাগামহীন। সম্প্রতি দুই দফা এই বাজারে অভিযান চালানো হয়েছে। শিগগির আবার অভিযান পরিচালনা করা হবে।
- বিষয় :
- বাজার