জামায়াত নেতার অফিস ও বাড়িতে হামলা, আহত ৫
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৯:৪৪
| প্রিন্ট সংস্করণ
কুষ্টিয়ায় গড়াই নদের বালুমহাল নিয়ে বিরোধের জেরে এক জামায়াত নেতার অফিস ও বাড়িতে হামলা-ভাঙচুর করা হয়েছে। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। এতে আহত হয়েছেন পাঁচজন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ওয়ার্ড জামায়াত নেতা শাহজাহানের বাড়িতে এই হামলা করা হয়। তাঁর অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা এ হামলা করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিএনপির নেতাকর্মীরা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য শাহজাহানের অফিস ও বাড়িতে রাতে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় সেখানে ভাঙচুর করা হয়। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ গিয়ে পাঁচ রাউন্ড বিদেশি পিস্তলের গুলি ও সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করে।
শাহজাহানের দাবি, বালুবাহী ট্রাক যাতায়াতে এলাকার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে সম্প্রতি কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা গিয়ে বালু উত্তোলন বন্ধের নির্দেশ দেন। এ নির্দেশের পর জামায়াত নেতাকর্মীরা রাস্তায় ব্লক ফেলে ট্রাক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেন। এর জের ধরে তাঁর বাড়িতে হামলা হয়েছে।
বিএনপির নেতাকর্মীরা হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন। শহর বিএনপির সভাপতি একে বিশ্বাস বাবু বলেন, বালুমহাল নিয়ে এর আগে বিভিন্ন সময় ঝামেলা হয়েছে। বুধবার রাতে একটি ঘটনায় বিএনপিকে জড়ানো হচ্ছে। এলাকাবাসীর মধ্যে ঝামেলা বিএনপির ওপর চাপাচ্ছে জামায়াত। বিএনপির কোনো নেতাকর্মী এ ঘটনায় জড়িত নন।
কুষ্টিয়া মডেল থানার ওসি জাকির হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
- বিষয় :
- জামায়াত নেতা