সব হারিয়েও হারেননি ইমরান
খুলনার কয়রা উপকূলের শিশুদের সঙ্গে ইমরান হোসেন সংগৃহীত
সাদিয়া মাহ্জাবীন ইমাম
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬ | ০৯:৩৪ | আপডেট: ২৭ নভেম্বর ২০২৬ | ১০:৪২
| প্রিন্ট সংস্করণ
‘সাদা ময়না’কে বিক্রির পর টানা দুদিন কিছু খেতে পারেনি ইমরান হোসেন। ১০ বছরের শিশুটি শুধু কেঁদেছে। নানার কাছ থেকে পাওয়া উপহারের গরুটি ছিল তার খেলার সঙ্গী, নিঃসঙ্গ দুপুরের বন্ধু। স্কুলে যাওয়ার আগে সে নিজ হাতে খাইয়ে যেত তাকে। ফিরে এসে তার সঙ্গে কথা বলত, গলা চুলকে দিত। বড় বিলে ছেড়ে দিয়ে তার সঙ্গে খেলত। সাদা ময়না তার কাছে পরিবারেরই একজন ছিল।
কিন্তু ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলা একদিন ইমরানের সেই ছোট্ট পৃথিবী ওলটপালট করে দেয়। চারদিকে পানি। বাঁচার জন্য গরুটিকে নিয়ে নানার বাড়িতে আশ্রয় নিয়েছিল। কিন্তু সেখানেও পানি ওঠে। খড়ের গাদাগুলো ভেসে যায়। গরুটির খাবার জোগাড় করতে গাছের পাতা পেড়ে খাওয়ানোর চেষ্টা চলে। মানুষের কাছে খড় চেয়েও পায়নি। একদিকে নিজের পরিবারের ঠিকমতো মাথা গোঁজার ঠাঁই নেই, অন্যদিকে প্রিয় প্রাণীটিকে বাঁচানোর উপায়ও নেই। শেষ পর্যন্ত বিক্রি করতে হয় সাদা ময়নাকে।
সেই ইমরানের বয়স এখন ২৭। পড়ছেন চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের চার্লস বিশ্ববিদ্যালয়ে। ইউরোপীয় ইউনিয়নের মর্যাদাপূর্ণ ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামের আওতায় তিনি পড়াশোনা করছেন। তবে সাড়ে ১৭ বছর পেরিয়ে গেলেও শৈশবে বিক্রি হয়ে যাওয়া সাদা ময়নাকে তিনি ভোলেননি। তাঁর মানসপটে এখনও তাজা প্রাণীটির স্মৃতি। সেই সঙ্গে ফিরে আসে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আইলার পানি, ভেসে যাওয়া ঘর, অসহায় মানুষের মুখ।
ইমরান হোসেনের জন্ম সুন্দরবনসংলগ্ন খুলনার কয়রার একটি কৃষক পরিবারে। মাটির দেয়াল আর বেড়ার তৈরি ঘরে কেটেছে শৈশব। বৃষ্টি হলে ঘরে পানি পড়ত। প্রতিবার ঝড়ের আগে ভয় হতো, ঘরটি টিকবে তো? ২০০৯ সালে আইলার সময় জলোচ্ছ্বাস ও বাঁধ ভেঙে লোকালয়ে ঢোকে লবণাক্ত পানি। তাদের একমাত্র ঘরটিও ভেসে যায়।
তখন চারদিকে পানি আর পানি, মাথার ওপর খোলা আকাশ। ত্রাণের অপেক্ষায় মানুষের দীর্ঘ সারি। শিশু বয়সেই তিনি বুঝতে শুরু করেন, দুর্যোগ শুধু ঘরবাড়ি ভাঙে না; মানুষের জীবন-জীবিকা, স্বপ্নও ভেঙে দেয়।
সিডর, আইলা ও আম্পানের মতো দুর্যোগের অভিজ্ঞতা ইমরানের জীবনে একের পর এক জমা হয়েছে। দেখেছেন, দুর্যোগে সবচেয়ে বেশি বিপদে পড়েন শিশু, অন্তঃসত্ত্বা নারী ও বয়স্করা। আশ্রয়কেন্দ্রে নারীদের নিরাপত্তা, নিরাপদ শৌচাগার ও স্বাস্থ্যসামগ্রীর অভাবও দেখেছেন কাছ থেকে। এসব অভিজ্ঞতা তাঁকে তাড়িত করেছে।
দারিদ্র্যকে হার মানানোর স্বপ্ন
ইমরানের স্বপ্ন দেখার সাহস জুগিয়েছেন মা লুৎফুন্নেছা। গ্রামের স্কুল-কলেজে পড়াশোনা শেষ করে ২০১৯-২০ সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগে অনার্সে ভর্তি হন। ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় প্রতিদিন প্রায় ১৭ ঘণ্টা পড়তেন। কোচিংয়ে যাওয়ার ভাড়া থাকত না। তাই দীর্ঘ পথ হেঁটে যেতেন; কিন্তু হাল ছাড়েননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও কৃতিত্ব দেখান ইমরান। তবে নিজের সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ থাকেননি। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই উপকূলের মানুষের জন্য কাজ করার ভাবনা তাঁকে তাড়িয়ে বেড়াত।
২০২০ সালে প্রতিষ্ঠা করেন ‘ইয়ুথ ফর কোস্টাল রেজিলিয়েন্স’ (ওয়াইসিআর)। স্থানীয় তরুণদের সঙ্গে নিয়ে জলবায়ু পরিবর্তন, নারী অধিকার, শিক্ষা ও দুর্যোগ মোকাবিলায় কাজ শুরু করেন। আম্পানের পর দীর্ঘ ৯ মাসের বন্যায় দুই হাজারের বেশি পরিবারের কাছে জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেন তারা। খাদ্যসামগ্রীর পাশাপাশি নারীদের জন্য স্যানিটারি প্যাড ও প্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রীও রাখা হয় তালিকায়।
উপকূলের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি করতে প্রতিষ্ঠা করেন ‘হাজতখালী শিশু নিকেতন স্কুল’। সেখানে প্রতিবছর ৫০ জনের বেশি শিশু পড়াশোনার সুযোগ পাচ্ছে। সুন্দরবননির্ভর মুণ্ডা নারীদের দক্ষতা ও বিকল্প জীবিকার সুযোগ তৈরিতে নিয়েছেন ‘বনলতা’ প্রকল্প। এসব উদ্যোগের মধ্য দিয়ে শুধু তাৎক্ষণিক সহায়তা নয়, উপকূলের মানুষের দীর্ঘমেয়াদি সক্ষমতা তৈরিতে কাজ করছেন ইমরান ও তাঁর সহযোদ্ধারা।
বিদ্রূপ পেরিয়ে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে
নিজের উচ্চশিক্ষার স্বপ্নটিও কখনও ছেড়ে দেননি ইমরান। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই বিদেশে পড়াশোনা ও বৃত্তির খোঁজ করতেন। এটি অনেকে সহজভাবে নিতে পারত না। গ্রামের চায়ের দোকানেও তাঁকে নিয়ে আলোচনা হতো। কেউ কেউ বিদ্রূপ করত। এসব কিছুই তাঁকে থামাতে পারেনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। সেভাবেই কাজ চালিয়ে যান। এক পর্যায়ে জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, রোমানিয়াসহ কয়েকটি দেশ থেকে ভর্তির সুযোগ পান। কিন্তু তাঁর অপেক্ষা ছিল আরও বড় কিছুর জন্য।
অবশেষে চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে সেই খবর আসে। স্কলারশিপ কমিটি ইমরানকে ইমেইলে জানায়, ইরাসমাস মুন্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রামে বৃত্তি পেয়েছেন তিনি।
পরে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে গত ১৯ সেপ্টেম্বর চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে পাড়ি জমান। সেখান থেকে কথা হয় ইমরান হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘এক সন্ধ্যায় ইরাসমাস কমিটির ইমেইলে বৃত্তি পাওয়ার খবর জানতে পারলাম। মুহূর্তের জন্য যেন বিশ্বাসই করতে পারছিলাম না। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতায় সিজদায় পড়ে যাই। তারপর মাকে জড়িয়ে ধরি। এটা শুধু ব্যক্তিগত অর্জন নয়; পরিবারের পাশাপাশি পুরো উপকূলীয় কমিউনিটির জন্যও আনন্দের খবর।’
তিনি বলেন, ‘আমার প্রথম দেশ, প্রথম সেমিস্টার চেক প্রজাতন্ত্রে। দ্বিতীয় সেমিস্টার পোল্যান্ডে, তৃতীয় সেমিস্টার নেদারল্যান্ডসে। চতুর্থ সেমিস্টার স্পেনে পড়ার সুযোগ রয়েছে।’
যে শিকড়ে ফিরতে চান
জীবনে দীর্ঘ সংগ্রামে ইমরানকে অনুপ্রেরণা জুগিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. সোমা দে। তিনি বলেন, প্রতিকূলতার মধ্যে বেড়ে ওঠা এই তরুণ আবারও প্রমাণ করেছেন, ইচ্ছা থাকলে মানুষ অনেক কিছুই করতে পারে।
ইমরানের স্বপ্ন, আন্তর্জাতিক যোগাযোগ, নেতৃত্বের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে নিজের কমিউনিটির জন্য আরও বড় পরিসরে কাজ করবেন। তাঁর চাওয়া, উপকূলের কোনো শিশু যেন জীবিকার তাগিদে পড়াশোনা ছেড়ে নদীতে জাল ধরতে বাধ্য না হয়; কোনো নারী যেন দুর্যোগের সময় নিরাপদ মাতৃকালীন সেবা না পেয়ে জীবন না হারান। প্রতিটি পরিবার যেন নিরাপদ ঘর, সুপেয় পানি ও উন্নত চিকিৎসার সুযোগ পায়।
২০৫০ সালের মধ্যে একটি সবুজ, নিরাপদ ও সম্ভাবনাময় উপকূল গড়ে তোলার স্বপ্ন দেখেন ইমরান। যে ঘরে একসময় বৃষ্টির পানি পড়ত, সেই স্মৃতি থেকেই তাঁর প্রার্থনা– একদিন যেন শুধু নিজের নয়; পুরো কমিউনিটির ঘরে বৃষ্টির পানি আটকানোর মতো পরিবর্তন আনতে পারেন।
ইমরান ইউরোপের চার দেশে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন। কিন্তু তাঁর স্বপ্নের ঠিকানা কয়রা। তিনি জানেন, শুধু নিজের জীবনের সীমানা বদলালেই সব অর্জন পূর্ণ হয় না। যে জনপদের মাটি, পানি আর মানুষের সংগ্রাম তাঁকে তৈরি করেছে, একদিন সেই মানুষের কাছেই ফিরিয়ে দিতে চান নিজের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা।
- বিষয় :
- শিশু