এফএটিএফের ‘ধূসর তালিকা' থেকে বেরোতে লবিস্ট ভাড়া পাকিস্তানের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২০ | ০২:৩২ | আপডেট: ১২ অক্টোবর ২০২০ | ০৩:০৪
যুক্তরাষ্ট্র প্রশাসনের আনুকূল্য পেতে ও সন্ত্রাসবিরোধী আর্থিক সংস্থা এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে নিজেদের নাম বাদ দিতে ওয়াশিংটনে শীর্ষ লবিস্ট ফার্ম ভাড়া করেছে পাকিস্তান।
দ্য হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ধূসর তালিকা থেকে ইসলামাবাদকে নাম সরিয়ে নেওয়ার জন্য এফএটিএফের ৩৯ সদস্যের মধ্যে কমপক্ষে ১২ জনের সমর্থন প্রয়োজন। এটি আগামী ২১-২৩ অক্টোবর ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠেয় এফএটিএফের পূর্ণাঙ্গ অধিবেশনে আমেরিকা কোন প্রক্রিয়া এগোবে তার ওপর অনেকাংশে নির্ভর করবে।
যুক্তরাষ্ট্র ও প্যারিসের কূটনীতিকরা বলছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় হিউস্টনভিত্তিক লবিং ফার্ম ‘লিন্ডেন স্ট্র্যাটেজি’কে নিয়োগ দিয়েছে। পাকিস্তান ফার্মটির মাধ্যমে ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে চায়।
২০১৮ সালের জুন মাস থেকে পাকিস্তান এফএটিএফের ধূসর তালিকায় রয়েছে। ২০১৯-এর অক্টোবরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাদের দেওয়া শর্ত পূরণ করতে পারেনি পাকিস্তান। ফলে তাদের ধূসর তালিকাতেই রেখে দিয়েছে এফএটিএফ। এরপর থেকেই তাদের বারবার সতর্ক করেছে আন্তর্জাতিক সংস্থাটি। তারা হুঁশিয়ারি দিয়েছে, সব শর্ত পূরণ করতে ব্যর্থ হলে কালো তালিকাভুক্ত করা হবে পাকিস্তানকে। জঙ্গিদের মদদ ও তাদের আর্থিক সাহায্য দিতে পাকিস্তানকে বারণ করা হয়েছে।
প্রসঙ্গত, পাকিস্তানের বিরুদ্ধে লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীকে অর্থ সাহায্য করা, সন্ত্রাসে প্রশ্রয় দেওয়ার অভিযোগ ওঠার পরই তাদের ধূসর তালিকাভুক্ত করে এফএটিএফ।
এদিকে, এফএটিএফের ধূসর তালিকা থেকে বের হওয়ার চেষ্টা করছে পাকিস্তান। সন্ত্রাসবাদ মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে দেশটি। যার মধ্যে সন্ত্রাসে আর্থিক মদদ জোগানো বন্ধ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসবাদীদের কড়া সাজা ঘোষণা- সবই রয়েছে।
- বিষয় :
- এফএটিএফ
- পাকিস্তান
- লবিস্ট ফার্ম
- ওয়াশিংটন