মার্কিন নৌ-দপ্তরের প্রধান রিচার্ড স্পেনসার বরখাস্ত
রিচার্ড স্পেনসার- ফাইল ছবি/বিবিসি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০১৯ | ২২:৪৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০০:৪৯
মার্কিন নৌ-দপ্তরের প্রধান রিচার্ড স্পেনসারকে বরখাস্ত করা হয়েছে।
অসদাচরণের অভিযোগে মার্কিন নেভি সিলের এক সদস্যকে পদাবনতি দেওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার তাকে বরখাস্ত করেছেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন নৌ-দপ্তরের প্রধানের এই পদটি বেসামরিক।
এডওয়ার্ড গালাঘের নামের ওই নেভি সিল সদস্য লাশের সঙ্গে ছবি তুলে অভিযুক্ত হন। পরে তাকে পদাবনতি করার ঘটনাটি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দেশটির সামরিক বাহিনীর কর্মকর্তাদের মধ্যে মতবিরোধ তৈরি হয়।
অভিযুক্ত ওই নেভি সিল কর্মকর্তার শৃঙ্খলা কমিটির পর্যালোচনার মুখোমুখি হওয়ার কথা ছিল, যার ফলশ্রুতিতে সাজা হিসেবে নেভি সিল সদস্যের মর্যাদা হারাতে পারতেন তিনি।
নৌ-দপ্তরের প্রধানের পদ থেকে রিচার্ড স্পেনসারকে বরখাস্তের কারণ উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এসপার জানান, নৌ-দপ্তরের প্রধানের ওপর তিনি আস্থা হারিয়েছিলেন, কারণ হোয়াইট হাউসের সঙ্গে তার কথোপকথন তার পদে থাকাকে বিতর্কিত করে তুলেছিল।
প্রশাসনিকভাবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পরিচালনা করে 'ডিপার্টমেন্ট অব দ্য নেভি' বা মার্কিন নৌ-দপ্তর। 'সেক্রেটারি অব দ্য নেভি' হচ্ছেন এই দপ্তরের প্রধান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, নেভি সিল সদস্য চিফ পেটি অফিসার গালাঘেরের বিচার যেভাবে চলছিল তাতে তিনি খুশি ছিলেন না। আর এই কারণেই রিচার্ড স্পেনসারকে নৌ-দপ্তরের প্রধানের পদ হারাতে হয়েছে বলে ইঙ্গিত দেন তিনি।
এদিকে কঠোর ভাষায় লেখা এক চিঠিতে সদ্য নৌ-দপ্তরের প্রধানের পদ হারানো রিচার্ড স্পেনসার লিখেছেন, এটা সুস্পষ্ট যে 'নিয়মতান্ত্রিকতা ও শৃঙ্খলা'র বিষয়ে তার ও প্রেসিডেন্ট ট্রাম্পের দৃষ্টিভঙ্গি এক নয়।
উল্লেখ্য, ইরাকে ২০১৭ সালে দায়িত্ব পালনকালে ইসলামিক স্টেটের (আইএস) নিরস্ত্র ১৭ বছর বয়সী এক বন্দিকে ছুরিকাঘাতে হত্যা এবং বেসামরিক ব্যক্তিদের ওপর নির্বিচারে গুলি ছোড়ার অভিযোগ ওঠে পেটি অফিসার গালেঘারের বিরুদ্ধে।
তবে পরবর্তী সময়ে এসব অভিযোগ থেকে তাকে রেহাই দেওয়া হয় এবং শুধুমাত্র এক আইএস বন্দির লাশের সঙ্গে ছবি তোলার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয়।
