নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে ৫ জনের মৃত্যু
নিউজিল্যান্ডে অগ্ন্যুৎপাতে ৫ জনের মৃত্যু-দ্য মিরর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:০৮ | আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৫
নিউজিল্যান্ডে একটি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন ও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার দুপুর ২টা ১১ মিনিটের দিকে দেশটির নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূলের অদূরে হোয়াইট আইল্যান্ড আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়। খবর রয়টার্সের।
হোয়াইট আইল্যান্ড থেকে ২৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার জন টিমস।
অগ্ন্যুৎপাতের আগে ওই এলাকায় প্রায় ১০০ জন লোক ছিল বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
ফাকরারি নামেও পরিচিত হোয়াইট আইল্যান্ড নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম। নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের পূর্ব উপকূল থেকে ৫০ কিলোমিটার দূরে হোয়াইট আইল্যান্ডের অবস্থান।
এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেন, ওই সময় দ্বীপটিতে বা এর আশপাশে অনেক পর্যটক ছিলেন বলে জানি আমরা। যাদের ভালোবাসার মানুষ ওই সময় দ্বীপটিতে বা তার আশপাশে ছিলেন তাদের মধ্যে যে উৎকণ্ঠা কাজ করছে তাও জানি আমি। তাদের আশ্বস্ত করে বলতে চাই, পুলিশ তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে।’
- বিষয় :
- নিউজিল্যান্ড
- অগ্ন্যুৎপাত
- মৃত্যু
