কারিগরি ত্রুটিতে ব্যাহত ইন্টারনেট সেবা, অফলাইনে অনেক ওয়েবসাইট
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০২১ | ০০:১০
ইন্টারনেট সেবা বন্ধ থাকায় অফলাইনে চলে গিয়েছিল বিভিন্ন দেশের এয়ারলাইনস, ব্যাংক ও প্রযুক্তি খাতসহ বিশ্বের বড় বড় প্রতিষ্ঠানের বেশকিছু ওয়েবসাইট।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের কারিগরি ত্রুটির কারণে এমনটা ঘটেছিল। তবে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলেই এ সেবা আবার ফিরে আসে। খবর বার্তা সংস্থা রয়টার্স, বিবিসি ও সিএনএনের।
খবরে বলা হয়েছে, ইন্টারনেটে ত্রুটির কারণে অনলাইন নির্ভর আন্তর্জাতিক প্রতিষ্ঠান এয়ার বিএনবি, শিপিং প্রতিষ্ঠান ইউপিএস, এইচএসবিসি ব্যাংক, ব্রিটিশ এয়ারওয়েজ, অনলাইন গেমসের প্লে স্টেশন নেটওয়ার্কের সেবা ব্যাহত হয়। একই সঙ্গে ফেডএক্স, ম্যাকডোনাল্ড, আমেরিকান এক্সপ্রেস, ডেলটা এয়ারলাইনসের সেবাও ব্যাহত হয়।
গত দুই মাসের মধ্যে তৃতীয়বারের মতো এই সেবা ব্যাহত হলো।
ইন্টারনেটের অবকাঠামোগত সেবা প্রদানে কাজ করে থাকে যুক্তরাষ্ট্রের বড় দুই প্রযুক্তি প্রতিষ্ঠান আকামাই ও ওরাকল। কোনো ব্যবহারকারীকে ওয়েবসাইটের রুট খুঁজে দিতে ও সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে আকামাই। ওরাকল বৃহস্পতিবার বিকেলে জানিয়েছে, আকামাই'য়ের সেবা ব্যাহত হওয়ায় এই সংকট দেখা দিয়েছিল।
ইন্টারনেট ত্রুটির ফলে অনেকে ওয়েবসাইট ব্যবহারকারী তাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি। এ সময় ব্যবহারকারীর ল্যাপটপে বা মুঠোফোনের ডিসপ্লেতে 'ডিএনএস এরর' লেখা উঠেছে। এর অর্থ হলো ব্যবহারকারী যে ওয়েবসাইটে ঢুকতে চাইছেন সেই ওয়েবসাইটে তার আবেদনটি পৌঁছায়নি।
ওয়েবসাইট ট্র্যাকিং নিয়ে কাজ করা ডাউন ডিটেকটর জানিয়েছে, সেবা ব্যাহত হওয়ার কারণে বৃহস্পতিবার শুধু এয়ার বিএনবির ওয়েবসাইটে প্রবেশ করতে পারেননি সাড়ে তিন হাজার জন। হোম ডিপোর ওয়েবসাইটেও ঢুকতে পারেননি দেড় হাজার জন।
- বিষয় :
- ইন্টারনেট সেবা ব্যাহত
- কারিগরি ত্রুটি
