জামিয়া বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় গ্রেফতার ১০
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০১৯ | ২৩:৪৩ | আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৯ | ০৪:১৫
দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা সবাই বহিরাগত বলে জানা গেছে।
দিল্লি পুলিশ জামিয়া ও ওখলা অঞ্চল থেকে তাদের গ্রেফতার করেছে। খবর এনডিটিভির।
রোববার নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিলকে ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় চত্বর। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ, তারা ভাঙচুর চালায় ও যানবাহন জ্বালিয়ে দেয়। এসময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় শিক্ষার্থীদের।
তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, তারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলেন। সংঘর্ষের পেছনে তাদের কোনও হাত নেই। এর মূলে রয়েছে বহিরাগতরা।
লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিশ্ববিদ্যালয়ে বিনা অনুমতিতে প্রবেশ করে পুলিশ প্রায় ১০০ শিক্ষার্থীকে আটক করে।
এরপরেই আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে অসংখ্য মানুষ মধ্যরাতেই দিল্লি পুলিশের সদর দফতরের বাইরে জড়ো হন। পুলিশি সদর দফতরের বাইরের মূল রাস্তাটি অবরোধ করে বিক্ষোভ দেখান প্রতিবাদকারীরা। পরে ভোরের দিকে আটক করা শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হয়।
