ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

মোশাররফের মৃত্যু হলে লাশ ৩ দিন ঝুলিয়ে রাখা উচিত: আদালত

মোশাররফের মৃত্যু হলে লাশ ৩ দিন ঝুলিয়ে রাখা উচিত: আদালত
×

পারভেজ মোশাররফ

সমকাল ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০১৯ | ০১:১৮

পাকিস্তানের সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফের মৃত্যুদণ্ডের রায়কে 'মানবতা ও ধর্মবিরুদ্ধ' বলে উল্লেখ করেছে দেশটির সেনাবাহিনী। বৃহস্পতিবার পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের পরিচালক মেজর জেনারেল আসিফ গফুর। রায়ে এক আদেশের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর পক্ষ থেকে এমন বক্তব্য এসেছে বলে ধারণা পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোর। রায়ের এক জায়গায় বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে মোশাররফের মৃত্যু হলে, তার লাশ সংসদ ভবনের সামনে তিন দিন ঝুলিয়ে রাখা উচিত। খবর দ্য ডনের।

উচ্চ মাত্রার রাষ্ট্রদ্রোহের অভিযোগে ইসলামাবাদের একটি বিশেষ আদালত গত মঙ্গলবার মোশাররফকে মৃত্যুদণ্ড দেন। ছয় বছর ঝুলে থাকার পর এ রায় দেন আদালত। ২০০৭ সালের ৩ নভেম্বর অবৈধভাবে সংবিধান স্থগিত করে জরুরি অবস্থা জারি করেন তৎকালীন সেনাশাসক জেনারেল মোশাররফ। উদ্দেশ্য ছিল ক্ষমতার মেয়াদ বাড়ানো। এ জন্যই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়। রায় ঘোষণার পর থেকেই এর সমালোচনা করে আসছে সেনাবাহিনী। এতে দেশটির বিচার বিভাগ ও সেনাবাহিনীর দ্বন্দ্ব আরও প্রকাশ্যে চলে আসে। ইমরান খানের সরকারও মোশাররফের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়। বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন মোশাররফ। তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার মোশাররফকে দেওয়া দণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। এর কিছুক্ষণ পর জেনারেল গফুর সংবাদ সম্মেলনে হাজির হন। সাংবাদিকদের কোনো প্রশ্ন না নিয়ে একতরফা বক্তব্য দেন তিনি। জেনারেল গফুর বলেন, 'পূর্ণাঙ্গ রায় ঘোষণার পর দেখা যাচ্ছে সেনাবাহিনীর পূর্বের অবস্থানই সঠিক।' মঙ্গলবার আদালতের রায় ঘোষণার পরপরই সেনাবাহিনী তা 'বেদনাদায়ক' বলে উল্লেখ করেছিল।

সংবাদ সম্মেলনে জেনারেল গফুর বলেন, 'যে ভাষায় রায় লেখা হয়েছে তা আমাদের মানবতা, ধর্ম, সংস্কৃতি ও মূল্যবোধের পরিপন্থি।' রায়ের কোন অংশে এসবের লঙ্ঘন হয়েছে, তা তিনি উল্লেখ করেননি। তবে পূর্ণাঙ্গ রায়ের ৬৬ নম্বর প্যারায় উল্লেখিত একটি নির্দেশনা নিয়ে পাকিস্তানজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। এতে বলা হয়েছে, দণ্ড কার্যকর হওয়ার আগে মোশাররফের মৃত্যু হলে তার লাশ টেনে নিয়ে গিয়ে সংসদ ভবনের সামনে তিন দিন ঝুলিয়ে রাখা উচিত। এ আদেশ প্রতীকী হলেও আইন বিশেষজ্ঞরা একে অসাংবিধানিক আখ্যা দিয়েছেন। পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর খানও এর তীব্র সমালোচনা করেছেন। বুধবার তিনি সরকারের হয়ে মোশাররফের পক্ষে সুপ্রিম কোর্টে লড়ার ঘোষণা দেন।

পূর্ণাঙ্গ রায় আসার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে গতকাল প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠকে বিস্তারিত আলোচনা করেছেন পাকিস্তানের সেনাবাহিনীপ্রধান কামার জাভেদ বাজওয়া। মোশাররফের বিরুদ্ধে রায়ের পর 'সেনাবাহিনীর অনুভূতি' ও 'দেশপ্রেমিক পাকিস্তানি'দের মনোভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে বর্তমান পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে, তা আলোচনা হয়েছে। জেনারেল গফুর বলেছেন, 'সরকার ও সেনাবাহিনী সব হুমকি মোকাবিলা করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।'

আরও পড়ুন

×