ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

কাশ্মীর সফরে আসেনি ইউরোপীয় ইউনিয়ন

কাশ্মীর সফরে আসেনি ইউরোপীয় ইউনিয়ন
×

কাশ্মীরে বিদেশি প্রতিনিধি দলের গাড়িবহর-আনন্দবাজার পত্রিকা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২০ | ০৩:৪২ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ | ০৪:০৩

ইউরোপীয় পার্লামেন্টের বাছাই করা সদস্যদের ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ঘুরিয়ে বিতর্কে জড়িয়েছিল বিজেপি সরকার। ফের দু’দিনের সফরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলির পার্লামেন্টের সদস্যদের আসার কথা থাকলেও শেষ পর্যন্ত তারা আসেননি। 

ভারত সরকারের নির্ধারিত সফরসূচিতে আপত্তি জানিয়েই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সফরে আসেননি বলে জানা গেছে। জম্মু-কাশ্মীরের ‘বন্দি’ তিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন তারা। 

তবে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা না আসলেও সফরে এসেছেন মার্কিন রাষ্ট্রদূতসহ ১৬ জনের বিদেশি প্রতিনিধি দল। খবর আনন্দবাজার পত্রিকার। 

গত ৫ আগস্ট সংসদে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের ঘোষণার পর থেকেই কাশ্মীরকে কার্যত বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল। গোটা উপত্যকায় ইন্টারনেট, মোবাইল, ল্যান্ডলাইন, ক্যাবল পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। কারফিউ জারি করে মোতায়েন করা হয় অতিরিক্ত সেনা। 

কিন্তু এই সিদ্ধান্তের জেরে আন্তর্জাতিক মহলে চাপের মুখে পড়ে বিজেপি সরকার। এভাবে উপত্যকাকে বিচ্ছিন্ন করে রাখা কার্যত মানবাধিকার লঙ্ঘনের শামিল বলে অভিযোগ উঠেছিল আন্তর্জাতিক নানা মহল থেকে।

সেই পরিস্থিতিতেই ৩৭০ অনুচ্ছেদ বাতিলের প্রায় তিন মাস পর অক্টোবরে ইউরোপীয় ইউনিয়নের বাছাই করা সদস্যদের কাশ্মীর সফর করায় কেন্দ্র। কিন্তু তা নিয়ে বিতর্কের ঝড় ওঠে। 

অভিযোগ ওঠে, সরকারের নির্ধারিত রুটে তারা সফর করেছেন। ফলে উপত্যকার প্রকৃত অবস্থা তারা বুঝতে পারেননি।

এবারের প্রতিনিধিরা দাবি করেছিলেন, গাইডেড ট্যুর নয়, তারা স্বাধীনভাবে উপত্যকায় ঘুরতে চান। তাদের নিজেদের পছন্দমতো সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে চান। তা ছাড়া ‘বন্দি’ জম্মু-কাশ্মীরের তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা, ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতিসহ অন্য নেতাদের সঙ্গেও দেখা করে এবং কথা বলে উপত্যকার পরিস্থিতি বোঝার চেষ্টা করতে চান তারা। 

কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রদূতদের সুরক্ষার কারণে সেখানকার মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে তাদের কোনো বিধিনিষেধ নেই। তবে কোনোভাবেই আটক ব্যক্তিদের সঙ্গে দেখা করতে পারবেন না রাষ্ট্রদূতেরা।


আরও পড়ুন

×