বাসের পাশাপাশি রিকশাও নিয়ন্ত্রণ করুন
মো. রাহুল শেখ
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫ | ০৬:২৬
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের রাজধানী ঢাকা যানজটের শহর হিসেবে পরিচিত। এখানে বিদ্যমান যানজট সমস্যা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়, অফিস-আদালত এবং অন্যান্য শ্রেণি-পেশার মানুষের দুর্ভোগের কারণ। এ ছাড়া ভয়াবহ দুর্ঘটনার নজিরও বিদ্যমান।
পুরান ঢাকার সদরঘাটে অবস্থিত দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়। পাশাপাশি রয়েছে কিছু স্কুল ও কলেজ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থিত ভিক্টোরিয়া পার্ক এরিয়া দীর্ঘদিন অবৈধ উপায়ে বাসস্ট্যান্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ফলে এখানে রায়সাহেব বাজার মোড় থেকে বিশ্ববিদ্যালয় এরিয়া পর্যন্ত তীব্র যানজট ও দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী।
সম্প্রতি শিক্ষার্থীদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন আশপাশের প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই অবৈধ বাসস্ট্যান্ড উচ্ছেদ করতে সক্ষম হয় এবং রায়সাহেব বাজার মোড় থেকে বিশ্ববিদ্যালয় এরিয়ায় সকল প্রকার বাস চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয়।
দেখা যাচ্ছে, এই এরিয়ায় বাস চলাচল স্থগিত হলেও ক্রমে যেন রিকশার দৌরাত্ম্য বাড়ছে। মাত্রাতিরিক্ত ভাড়া এবং তীব্র যানজট যেন নতুন করে আঁকড়ে ধরেছে জনজীবনকে। একই সঙ্গে কয়েকটি দুর্ঘটনার সাক্ষী হতে হয়েছে কিছু শিক্ষার্থীকে।
রিকশা ভাড়া নির্ধারণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পদক্ষেপ নেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো ধরনের ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে না। ফলে আগের মতো সৃষ্ট সমস্যা নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। রিকশার দৌরাত্ম্য নির্মূল এবং নির্দিষ্ট ভাড়া নির্ধারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
nমো. রাহুল শেখ: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
- বিষয় :
- রিকশা
