পাহাড়ি সড়কে মৃত্যুঝুঁকি
এম. ডি জিয়াবুল
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
বান্দরবানের পাহাড়ে প্রতিদিন সূর্য ওঠে, বাজার বসে, শিক্ষার্থীরা বিদ্যালয়ের পথে পা বাড়ায়, রোগীরা চিকিৎসার আশায় ছুটে চলে জেলা কিংবা বিভাগীয় শহরের দিকে। অথচ এই স্বাভাবিক জীবনপ্রবাহের অন্তরালে কোথাও যেন ওত পেতে থাকে অনিশ্চয়তা। পাহাড়ের মানুষের কাছে সড়কপথে যাত্রা অনেক সময় গন্তব্যে পৌঁছানোর সাধারণ প্রক্রিয়া নয়, জীবনের সঙ্গে এক নীরব জুয়া খেলার নাম। দুর্গম ভূ-প্রকৃতি, অপর্যাপ্ত সড়ক অবকাঠামো, ঝুঁকিপূর্ণ যানবাহন এবং তদারকির সীমাবদ্ধতা মিলে পাহাড়ি জনপদের যাতায়াতব্যবস্থাকে ক্রমেই উদ্বেগজনক করে তুলছে। বান্দরবান বাংলাদেশের অপার প্রাকৃতিক ঐশ্বর্যের আধার। নীলগিরি, চিম্বুক, মিরিঞ্জা, মারায়ন তং, আলীর গুহা কিংবা মাতামুহুরীর অববাহিকা এ অঞ্চলের পর্যটন ও অর্থনৈতিক সম্ভাবনাকে বিস্তৃত করেছে। এই সম্ভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যোগাযোগ অবকাঠামো কতটা গড়ে উঠেছে, সেই প্রশ্ন এড়িয়ে যাওয়ার অবকাশ নেই। পাহাড়ের সৌন্দর্য দেখতে পর্যটকরা আসেন, ব্যবসায়ীরা পণ্য নিয়ে যাতায়াত করেন, শিক্ষার্থীরা উচ্চশিক্ষার স্বপ্নে শহরমুখী হন; কিন্তু তাদের প্রত্যেকের পথের প্রধান অবলম্বন সড়কব্যবস্থার নিরাপত্তা ও সক্ষমতা নিয়ে উদ্বেগ দীর্ঘদিনের।
বিশেষত আলীকদম-চকরিয়া সড়কটি আলীকদম ও লামা অঞ্চলের মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। চিকিৎসা, শিক্ষা, ব্যবসা-বাণিজ্য কিংবা প্রশাসনিক প্রয়োজনে এ পথের ওপর নির্ভর করতে হয় অসংখ্য মানুষকে। অথচ পাহাড়ি বাঁক, সংকীর্ণ সড়ক, ঝুঁকিপূর্ণ ঢাল এবং যানবাহনের অনুপযোগী চলাচল যাত্রাকে দুরূহ করে তোলে। কোথাও সড়কের প্রস্থ প্রয়োজনের তুলনায় কম, কোথাও আবার পাহাড়ি ভূমির স্বাভাবিক বৈশিষ্ট্য বিবেচনায় যথাযথ প্রকৌশলগত ব্যবস্থা নেই। সামান্য অসতর্কতা কিংবা যান্ত্রিক ত্রুটি এখানে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
সমস্যার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো গণপরিবহনের মান ও নিয়ন্ত্রণ। পাহাড়ি সড়কে চলাচলের জন্য প্রয়োজন দক্ষ চালক, উপযুক্ত ইঞ্জিন ক্ষমতা, কার্যকর ব্রেক ব্যবস্থা এবং নিয়মিত যান্ত্রিক পরীক্ষা। অথচ ফিটনেসবিহীন যানবাহন, অনভিজ্ঞ চালক কিংবা বৈধ কাগজপত্রবিহীন পরিবহন চলাচলের অভিযোগ জনমনে উদ্বেগ সৃষ্টি করে। সমতলের সড়কে যে যানবাহন কোনোভাবে চলাচল করতে পারে, পাহাড়ের খাড়া উত্থান-পতন ও বিপজ্জনক বাঁকে সেটিই প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফলে পরিবহন নিয়ন্ত্রণে শিথিলতা কোনো সাধারণ প্রশাসনিক ত্রুটি নয়, এটি জননিরাপত্তার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত।
পাহাড়ে উন্নয়নের আলো তখনই পরিপূর্ণ হবে, যখন দুর্গম জনপদের মানুষ নিরাপদে চলাচলের অধিকার ভোগ করবে। পাহাড়ের সৌন্দর্য রক্ষার পাশাপাশি সেখানকার মানুষের জীবন রক্ষাও রাষ্ট্রের অন্যতম প্রধান দায়। সেই দায় পালনে আর কোনো প্রাণহানির অপেক্ষা করা সমীচীন নয়।
এম. ডি জিয়াবুল: আলীকদম, বান্দরবান পার্বত্য জেলা
- বিষয় :
- পরিবহন