ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনা
×
×

প্রেরণা মোহন্ত লাবণ্য

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:২৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১৪:২৮

| প্রিন্ট সংস্করণ

কৃষিপ্রধান জেলা ঠাকুরগাঁও। বৃহত্তর দিনাজপুরের এ অঞ্চলে নব্বই দশক পর্যন্ত স্কুল পেরিয়ে কলেজপড়ুয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল অনেক কম। সেই ঠাকুরগাঁও আজ পেতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, ঠাকুরগাঁওয়ে প্রতিষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়টির দাবি নতুন নয়, ১৯৯৬ সাল থেকে এ নিয়ে অনেক জল্পনাকল্পনা চলছে।

যদিও দেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় এখনও নানাবিধ সমস্যায় জর্জরিত। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, এগুলো মানসম্মত উচ্চশিক্ষার পরিবর্তে কেবল শিক্ষিত বেকার তৈরির কারখানা হয়ে আছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও এ সংকট উড়িয়ে দেওয়া যায় না। তবে যথাযথ পরিকল্পনায় গড়ে তুলতে পারলে এটি উচ্চশিক্ষায় বড় ভূমিকা রাখতে পারে। সেজন্য অত্যাধুনিক গ্রন্থাগার, গবেষণাগার, হল, শ্রেণিকক্ষের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। দ্বিতীয়ত, দক্ষ শিক্ষক নিয়োগ একটি বড় চ্যালেঞ্জ। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত ছয়টি বিভাগের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স কিংবা মাল্টিমিডিয়া অ্যান্ড ক্রিয়েটিভ টেকনোলজির মতো বিশেষায়িত বিষয় রয়েছে। সংশ্লিষ্ট বিষয়গুলোয় দক্ষ শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও গবেষণা কার্যক্রম অঙ্কুরেই বিনষ্ট হতে পারে। প্রশাসনিক কাঠামোয় স্বচ্ছতা ও রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত আমলাতন্ত্র নিশ্চিত করাও অন্যান্য ক্যাম্পাসের দৃষ্টান্ত অনুযায়ী একটি বড় চ্যালেঞ্জ।

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এ অঞ্চলের কৃষির আধুনিকায়ন, শিক্ষাব্যবস্থা বা জীবনযাত্রায় এটি ব্যাপক প্রভাব ফেলবে। একই সঙ্গে উত্তরবঙ্গের শিক্ষার্থীদের ঢাকামুখী বা বহির্মুখী হওয়াও অনেকটা কমবে। বিশ্ববিদ্যালয়ে কৃষিবিজ্ঞান বিভাগ রাখার প্রস্তাব করা হয়েছে। এটি দিনাজপুরের কৃষি গবেষণা ও উন্নয়নে নতুন মাত্রা যোগ করতে পারে। এ অঞ্চলের নারীদের উচ্চশিক্ষার হার একেবারে নগণ্য। এর অন্যতম কারণ অভিভাবকরা অর্থনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে নারী শিক্ষার্থীদের দূরে পাঠাতে চান না। প্রতিষ্ঠানটি সেই প্রতিবন্ধকতা দূর করতে সহায়ক হবে। কৃষক, নারী, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে আশীর্বাদস্বরূপ। 

সরকারের উচিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মানের বিষয়টি অবশ্যই মাথায় রাখা। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হয়ে উঠতে পারে উচ্চশিক্ষায় বাংলাদেশের রোল মডেল।

প্রেরণা মোহন্ত লাবণ্য: শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এডুএনভয়, শিক্ষা অধিকার সংসদ 

আরও পড়ুন

×