সঞ্চয়পত্র ক্রয়ে কেন বৈষম্য
এ জেড এম সালাহউদ্দিন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:২৫ | আপডেট: ২১ নভেম্বর ২০২৬ | ১১:৪৯
| প্রিন্ট সংস্করণ
একই রাষ্ট্রের নাগরিক, অথচ সঞ্চয়ের অধিকারেও বৈষম্য! সরকারি চাকরিজীবীরা পেনশনার সঞ্চয়পত্রসহ সর্বোচ্চ এক কোটি টাকার সঞ্চয়পত্র কেনার সুযোগ পান। অন্যদিকে বেসরকারি চাকরিজীবীসহ দেশের অন্যান্য জনগোষ্ঠীর জন্য সেই সীমা অর্ধেক। শুধু পেশাগত পরিচয়ের কারণে অবসরকালীন আর্থিক নিরাপত্তার এমন অসম বণ্টন কতটা ন্যায়সংগত? রাষ্ট্রের কাছে নাগরিকের মর্যাদা কি তাঁর চাকরির ধরন দিয়ে নির্ধারিত হবে?
সরকারি চাকরিজীবীদের অবসরকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা অবশ্যই জরুরি। কিন্তু বেসরকারি চাকরিজীবী কিংবা অন্য পেশার মানুষও সারা জীবন কাজ করে বার্ধক্যে আর্থিক নিরাপত্তা চান। তাদের সঞ্চয় ও নিরাপদ বিনিয়োগের অধিকারও সমানভাবে গুরুত্বপূর্ণ। পেশাগত পরিচয়ের ভিত্তিতে সঞ্চয়পত্র কেনার সুযোগ ও সীমা নির্ধারণ তাই ন্যায়সংগত নয়।
এই বৈষম্য দূর করতে পেনশনার সঞ্চয়পত্রের পরিবর্তে ‘সিনিয়র সিটিজেন সঞ্চয়পত্র’ চালু করা যেতে পারে। ৬০ বছর বা তদূর্ধ্ব বয়সী দেশের সব নাগরিকের জন্য এই সঞ্চয়পত্র উন্মুক্ত রাখা হোক। সরকারি-বেসরকারি চাকরিজীবী, স্বনিয়োজিত ব্যক্তি কিংবা অন্য যে কোনো পেশার নাগরিক যেন একই শর্তে এই সুবিধা পান। একজন প্রবীণ নাগরিক সিনিয়র সিটিজেন সঞ্চয়পত্রসহ সব ধরনের সঞ্চয়পত্র মিলিয়ে সর্বোচ্চ এক কোটি টাকা বিনিয়োগের সুযোগ পেতে পারেন।
এতে প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা বাড়বে, বৈষম্য কমবে এবং রাষ্ট্রের প্রতি মানুষের আস্থা দৃঢ় হবে। নাগরিকের পরিচয় নয়, বয়স ও প্রয়োজনের ভিত্তিতে সুবিধা নিশ্চিত করাই হোক সরকারের নীতি। এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানাই।
এ জেড এম সালাহউদ্দিন
সাবেক ব্যাংকার
- বিষয় :
- সঞ্চয়পত্র