মশার দাপটে বিপর্যস্ত জনজীবন
শেখ সুলতানা মীম
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬ | ০৮:২৯
| প্রিন্ট সংস্করণ
শহর থেকে গ্রাম–সব জায়গায় মশার মাত্রাতিরিক্ত উপদ্রব জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একসময় নির্দিষ্ট মৌসুমে ডেঙ্গুর প্রকোপ বেশি থাকলেও বর্তমানে বছরজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে, এমনকি প্রাণহানিও হচ্ছে। এডিস মশাসহ অন্যান্য প্রজাতির মশার উপদ্রবে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। শুধু রাতে নয়, দিনের বেলাতেও মশার কামড়ে অতিষ্ঠ হতে হচ্ছে মানুষকে। অনেকে মশাবাহিত বিভিন্ন রোগ ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য মশার উপদ্রব উদ্বেগজনক হয়ে উঠেছে। নগরাঞ্চলে নিয়মিত মশার ওষুধ ছিটিয়েও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না।
মশার বংশবিস্তারের অন্যতম কারণ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে রাখা, বাড়ির আশপাশে অপরিষ্কার ঝোপঝাড় এবং বিভিন্ন স্থানে পানি জমে থাকা। শহরাঞ্চলের অনেক জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়। ফলে এসব স্থান মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করে। তাই মশার উপদ্রব কমাতে শুধু কীটনাশক ছিটিয়ে দায়িত্ব শেষ করলে চলবে না। প্রয়োজন সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ। নগর ও গ্রামাঞ্চল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠানের আঙিনা, নালা-নর্দমা ও পরিত্যক্ত স্থান নিয়মিত পরিষ্কার করতে হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা জরুরি। মশার বংশবিস্তার রোধে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
জনজীবনকে মশার উপদ্রব ও মশাবাহিত রোগের ঝুঁকি থেকে রক্ষা করতে দ্রুত কার্যকর ও টেকসই পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
শেখ সুলতানা মীম: শিক্ষার্থী, ইংরেজি বিভাগ, ইডেন মহিলা কলেজ
sheikhsultanameem@gmail
- বিষয় :
- মশা