ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

অনলাইন ব্যবসায় সম্ভাবনা ও সতর্কতা

অনলাইন ব্যবসায় সম্ভাবনা ও সতর্কতা
×

ফারিহা জামান নাবিলা 

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬ | ০৭:২৭

| প্রিন্ট সংস্করণ

একসময় ব্যবসা শুরু করতে লাগত বড় দোকান, মোটা অঙ্কের পুঁজি আর পরিচিত মহল। এখন সেই জায়গা নিয়েছে একটি স্মার্টফোন আর ইন্টারনেট সংযোগ। সামাজিক মাধ্যম যেন ছোট ব্যবসায়ীদের জন্য খুলে দিয়েছে এক নতুন দরজা; যেখানে ঘরে বসেই পণ্য দেখানো যায়, ক্রেতার সঙ্গে সরাসরি কথা বলা যায়। এই ডিজিটাল বাজার ছোট উদ্যোক্তাদের স্বপ্ন দেখাচ্ছে স্বাবলম্বী হওয়ার।
বর্তমান যুগে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবের মতো প্ল্যাটফর্ম শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং ব্যবসার বড় হাতিয়ার। বিশেষ করে ছোট ও ঘরোয়া উদ্যোক্তারা সামাজিক মাধ্যমকে ব্যবহার করে সহজে নিজেদের পণ্য বাজারজাত করতে পারছেন। নারীর অনলাইন উদ্যোক্তা হওয়ার সুযোগ বেড়েছে; বেকারি, পোশাক, হস্তশিল্পসহ নানা ক্ষুদ্র ব্যবসা গড়ে উঠছে।
হাজার হাজার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামশপ রয়েছে, যেখানে ছোট উদ্যোক্তারা ঘরে তৈরি খাবার, থ্রি-পিস, গহনা, পিঠা কিংবা হস্তশিল্প বিক্রি করছেন। অনেক গৃহিণী ও শিক্ষার্থী সামাজিক মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। করোনাকালেও দেখা গেছে, অনলাইন ব্যবসাই অনেক পরিবারকে অর্থনৈতিকভাবে টিকিয়ে রেখেছে এবং বর্তমানে এটি বেশ জনপ্রিয়। 
সামাজিক মাধ্যমে ছোট ব্যবসাকে নিরাপদ ও টেকসই করতে প্রথমেই দরকার উদ্যোক্তাদের নৈতিক ও দায়িত্বশীল আচরণ। পণ্যের বৈশিষ্ট্য সঠিকভাবে দেখানো, মান বজায় রাখা এবং ডেলিভারিতে সময়মতো সততা দেখানো অত্যন্ত জরুরি। উদ্যোক্তাদের উচিত পণ্যের ছবি ও বৈশিষ্ট্য সঠিকভাবে দেখানো, দাম অনুযায়ী মান বজায় রাখা এবং ডেলিভারিতে সততা নিশ্চিত করা। এতে গ্রাহকের আস্থা বাড়ে এবং প্রতারণার ঘটনা কমে। প্ল্যাটফর্ম এবং সরকারকে নিয়মিত মনিটরিং ও অভিযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতারণা রোধ করতে হবে। 
কেউ যদি প্রতারণা করে, তাকে দ্রুত শাস্তি দিতে হবে। ক্রেতার রিভিউ, রেটিং, নিরাপদ পেমেন্ট ও বিক্রেতার প্রতিপত্তি যাচাই করার অভ্যাস গড়ে তুলতে হবে। সচেতন ক্রেতা প্রতারণার আশঙ্কা কমিয়ে দেয়। উদ্যোক্তাদের জন্য ডিজিটাল মার্কেটিং, অনলাইন ব্যবসার নিয়মকানুন ও নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এ ছাড়া সহজ ঋণ ও লজিস্টিক সহায়তা তাদের ব্যবসা আরও শক্তিশালী করবে। সামাজিক মাধ্যমে প্রতারণা প্রতিরোধে সমাজের সক্রিয় ভূমিকা থাকা জরুরি। প্ল্যাটফর্মের নির্ভরযোগ্যতা, নিয়মনীতি এবং গ্রাহকের সচেতনতা একত্রে থাকলে ব্যবসা হবে নিরাপদ এবং গ্রাহকও প্রতারণার শিকার হবেন না।

ফারিহা জামান নাবিলা: শিক্ষার্থী, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা 

আরও পড়ুন

×