মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষার দুর্বল ভিত্তি
আজিজুল হক সরকার
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ০৭:৩৮
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা–এই তিনটি প্রধান শাখা বা ধারা দীর্ঘদিন ধরে প্রচলিত। প্রতিটি ধারারই নিজস্ব গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে। ব্যবসায় শিক্ষা একটি দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড, উদ্যোক্তা সৃষ্টি, ব্যাংকিং, আর্থিক ব্যবস্থাপনা এবং করপোরেট নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্বেগের বিষয় হলো, দেশের অনেক মাধ্যমিক বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা শাখা এখনও কাঙ্ক্ষিত গুরুত্ব পায় না। এর ফলে উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে ব্যবসায় শিক্ষাসংশ্লিষ্ট বিভাগগুলোতে শিক্ষার্থী সংকট ক্রমে প্রকট হয়ে উঠছে।
মাধ্যমিক শিক্ষা হলো একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ শিক্ষাজীবনের ভিত্তি। এ সময়েই শিক্ষার্থীরা তাদের আগ্রহ, দক্ষতা ও ভবিষ্যৎ লক্ষ্য অনুযায়ী শিক্ষার ধারা নির্বাচন করে। অনেক বিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা শাখা না থাকা, পর্যাপ্ত বিষয়ের অভাব, দক্ষ শিক্ষকের সংকট এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণের স্বল্পতার কারণে শিক্ষার্থীরা এ ধারায় আগ্রহী হওয়ার সুযোগ পায় না। ফলে তারা বাধ্য হয়ে বিজ্ঞান বা মানবিক বিভাগে ভর্তি হয়। এতে ব্যবসায় শিক্ষা ধীরে ধীরে শিক্ষার্থীদের পছন্দের তালিকা থেকে পিছিয়ে পড়ছে। অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবসায় শিক্ষা শাখায় হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ, ফিন্যান্স বা অর্থবিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের মতো গুরুত্বপূর্ণ বিষয় পড়ানোর জন্য পর্যাপ্ত শিক্ষক নেই।
সামাজিক দৃষ্টিভঙ্গিও এ সমস্যার অন্যতম কারণ। সমাজে এখনও একটি প্রচলিত ধারণা রয়েছে যে বিজ্ঞান বিভাগে মেধাবী শিক্ষার্থীরা পড়ে এবং ব্যবসায় শিক্ষা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। অনেক অভিভাবক সন্তানের আগ্রহ বা দক্ষতা বিবেচনা না করেই বিজ্ঞান বিভাগে ভর্তি করাতে আগ্রহী হন। ফলে ব্যবসায় শিক্ষায় অনেক মেধাবী শিক্ষার্থী আসার সুযোগ হারিয়ে যায়। অথচ বাস্তবতা হলো, বর্তমান বিশ্বে ব্যবসায় শিক্ষা শুধু চাকরির ক্ষেত্রে নয়, উদ্যোক্তা তৈরির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ব্যবসায় শিক্ষা সম্পর্কে সচেতনতার অভাবও একটি বড় কারণ। অনেক শিক্ষার্থী জানেই না যে ব্যবসায় শিক্ষা থেকে পড়াশোনা করে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ব্যাংকার, আর্থিক বিশ্লেষক, কর পরামর্শক, উদ্যোক্তা, বিপণন বিশেষজ্ঞ, মানবসম্পদ ব্যবস্থাপক কিংবা করপোরেট নির্বাহী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ রয়েছে। বিদ্যালয় পর্যায়ে যথাযথ ক্যারিয়ার কাউন্সেলিং না থাকায় তারা এ বিষয়ে স্পষ্ট ধারণা পায় না।
মাধ্যমিক পর্যায়ে ব্যবসায় শিক্ষা দুর্বল হওয়ার সরাসরি প্রভাব পড়ে উচ্চমাধ্যমিক পর্যায়ে। দেশের অনেক কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় শিক্ষার্থী সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। কোথাও আসন খালি থাকছে, কোথাও বিভাগ চালু রাখাই কঠিন হয়ে পড়ছে। পর্যাপ্ত শিক্ষার্থী না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এ শাখার উন্নয়নে আগ্রহ হারায়। ফলে সংকট আরও গভীর হয়।
আজিজুল হক সরকার: সহকারী অধ্যাপক; বাংলা বিভাগ, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ, দিনাজপুর
- বিষয় :
- মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি