ঢাকা রোববার, ১৮ অক্টোবর ২০২৬

রাইড শেয়ারিংয়ে যাত্রীদের নিজস্ব হেলমেট

রাইড শেয়ারিংয়ে যাত্রীদের নিজস্ব হেলমেট
×
×

সৈয়দ মাজারুল ইসলাম রুবেল

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬ | ০৭:৪৬

| প্রিন্ট সংস্করণ

দ্রুত সময়ে গন্তব্যে পৌঁছানোর প্রয়োজন থেকে বাংলাদেশে মোটরসাইকেলভিত্তিক রাইড শেয়ারিং বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কর্মজীবী মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, নারী-পুরুষ–অনেকেই এখন যাতায়াতের অন্যতম মাধ্যম রাইড শেয়ারিং। যানজট এড়িয়ে তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায় বলেই এর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
সড়ক নিরাপত্তার কথা বিবেচনায় চালক ও যাত্রীর হেলমেট ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্ঘটনার সময় মাথাকে গুরুতর আঘাত থেকে রক্ষা করতে একটি মানসম্মত হেলমেটের বিকল্প নেই। রাইড শেয়ারিংয়ের ক্ষেত্রে যাত্রীদের জন্য যে হেলমেট সরবরাহ করা হয়, সেটি নিয়ে অনেকের একটি ভিন্ন ধরনের উদ্বেগ রয়েছে; সেটি হলো পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি। একজন চালক প্রতিদিন অসংখ্য যাত্রী বহন করেন। স্বাভাবিকভাবে একই হেলমেট দিনের পর দিন বিভিন্ন মানুষ ব্যবহার করেন। প্রচণ্ড গরমে ঘাম, ধুলাবালি, মাথার ত্বকের তেল, চুল ও ত্বকের সংস্পর্শে হেলমেটের ভেতরের অংশ অপরিচ্ছন্ন হয়ে যেতে পারে। নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত না করলে সেখানে জীবাণু ও ছত্রাকের মতো ক্ষতিকর উপাদান জমে থাকার আশঙ্কা থাকে। ফলে মাথার ত্বকে চুলকানি, ফাঙ্গাল সংক্রমণসহ বিভিন্ন ধরনের চর্মসমস্যার ঝুঁকি তৈরি হতে পারে। আরেকটি বিষয় আরও উদ্বেগজনক। দুর্ঘটনার সময় একটি নিম্নমানের হেলমেট কাঙ্ক্ষিত সুরক্ষা দিতে পারবে কিনা, সেটি নিয়ে সংশয় থেকেই যায়। ফলে যাত্রী নিরাপত্তার নামে শুধু নিয়ম রক্ষার জন্য হেলমেট ব্যবহার করানো যথেষ্ট নয়; মানসম্মত ও নিরাপদ হেলমেট নিশ্চিত করাও জরুরি। যারা নিয়মিত রাইড শেয়ারিং ব্যবহার করেন, তাদের জন্য নিজের একটি ভালো মানের ব্যক্তিগত হেলমেট থাকা উচিত। এটি হয়তো প্রথমে বাড়তি খরচ মনে হতে পারে, কিন্তু নিজের স্বাস্থ্য ও জীবনের নিরাপত্তার তুলনায় এই খরচ খুবই সামান্য। রাইড শেয়ারিং প্রতিষ্ঠানগুলোরও এখানে দায়িত্ব রয়েছে। যাত্রীদের জন্য সরবরাহ করা হেলমেটগুলো নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করা, নির্দিষ্ট সময় পরপর হেলমেট পরিবর্তন করা এবং মানসম্মত নিরাপত্তা হেলমেট নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে যাত্রীদেরও সচেতন হতে হবে–হেলমেট শুধু পরলেই হবে না, সেটি নিরাপদ, মানসম্মত ও পরিচ্ছন্নও হতে হবে।

সৈয়দ মাজারুল ইসলাম রুবেল: পরিবেশ ও গণমাধ্যমকর্মী 
[email protected]
 

আরও পড়ুন

×